না.গঞ্জে চারটি কারখানায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে গতকাল মঙ্গলবার তিনটি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ ও বেতন বাড়ানোসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকেরা।একই দিনে রূপগঞ্জ উপজেলার একটি পোশাক তৈরির কারখানায় নির্যাতন বন্ধ ও নির্ধারিত সময়ে বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। আদমজী ইপিজেডে ইপিক গ্রুপের একটি কারখানার শ্রমিক আবু আহম্মেদ, জুয়েল রানা ও হোসনে আরা অভিযোগ করেন, গত সোমবার ইপিক-৩ গার্মেন্টসের কর্মী আশা অসুস্থতার কারণে ছুটি চাইলে কর্তৃপক্ষ ছুটি দেয়নি। তাঁর সহকর্মী ফিরোজ শিকদারসহ কয়েকজন এর প্রতিবাদ জানালে কর্তৃপক্ষ ফিরোজকে মারধর করে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নিয়ে কারখানা থেকে বের করে দেয়। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা যায়, গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে ফিরোজকে না দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এ খবর ছড়িয়ে পড়লে ইপিজেডের ভেতর ইপিক গ্রুপের অন্য দুটি প্রতিষ্ঠানেও অসন্তোষ ছড়িয়ে পড়ে। তিনটি প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শ্রমিক উৎপাদন বন্ধ করে কারখানার বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের কয়েকজনকে নিয়ে গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে। বৈঠকে শ্রমিকদের পক্ষ থেকে শ্রমিক ছাঁটাই বন্ধ, টিফিন ভাতা ও বছরে ১৫ শতাংশ বৃদ্ধি, বেতন ও হাজিরা বোনাস ঠিকমতো পরিশোধ, খাবারের মান বৃদ্ধি, চার কর্মকর্তাকে ছাঁটাইসহ ১২ দফা দাবি পেশ করা হয়। কর্তৃপক্ষ নয়টি দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু অন্য দাবিগুলো মেনে না নেওয়ায় গতকাল সন্ধ্যা পর্যন্ত শ্রমিকেরা কাজে যোগ দেয়নি। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কারও বক্তব্য পাওয়া পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল মিয়া বলেন, শ্রমিকদের দাবি নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনা চলছে। কারখানায় পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বরপা এলাকার অন্তিম গার্মেন্টসের শ্রমিকেরা গতকাল সকাল আটটার দিকে কারখানায় এসে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে সকাল নয়টার দিকে তাঁরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধের সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, আর্মড পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দেয়। আশ্বাস পেয়ে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে কাজে যোগ দেন। কারখানার কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, নানা অজুহাতে কারখানার ম্যানেজার, তত্ত্বাবধায়কেরা নারী শ্রমিকদের ওপর নির্যাতন করেন। প্রতি মাসের বেতন ৫ থেকে ৭ তারিখের মধ্যে দেওয়ার কথা থাকলেও চলতি মাসের বেতন ১৭ তারিখে দেওয়া হবে বলে জানানো হয়। এসব নিয়ে ক্ষুব্ধ হয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। অন্তিম গার্মেন্টসের ব্যবস্থাপক নাজির হোসেন শ্রমিক নির্যাতনের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। তিনি জানান, কারখানার মালিক দেশের বাইরে থাকায় চলতি মাসের বেতন ১৭ তারিখে দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান সিকদার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। কারখানায় পুলিশ মোতায়েন করা হয়েছে।