না.গঞ্জে বিএনপির মিছিলে উত্তেজনা
নারায়ণগঞ্জে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটের প্রতিবাদে আয়োজিত কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিলে উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ দুই পক্ষের মধ্যে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন: জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন খান, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এ টি এম কামাল প্রমুখ। সমাবেশ শেষে তাঁরা একটি মিছিল বের করেন। একই সময়ে পাল্টা মিছিল বের করেন সদ্য ঘোষিত মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির বিরোধিতাকারী একটি অংশের নেতা-কর্মীরা। একপর্যায়ে দুই গ্রুপ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে তা শান্ত হয়। আনোয়ার হোসেন, সরকার আলম, রাশেদ আহম্মেদসহ অনেক নেতাই এ সময় উপস্থিত ছিলেন। ঘটনার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।