নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনিরসহ দলের ২০৩ নেতা-কর্মীর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মো. শহিদুল ইসলাম এই মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এ সময় ২০৩ আসামির মধ্যে ১৯১ জনই আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে দিয়ে শুরু হলো এই মামলার বিচারকাজ।
সাক্ষ্য গ্রহণের জন্য আদালত ২২ ডিসেম্বর দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন।
আসামি পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় রূপগঞ্জে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনির ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল রহমান হুমায়ুনসহ ২০৩ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) তারিকুজ্জামান ২০১৪ সালের ১০ নভেম্বর এজাহারের সব আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ বছরের ২৭ অক্টোবর আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে অভিযোগপত্র থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন করেন। ওই দিন এ আবেদনের ওপর এক দফা শুনানি হয়। আজ ওই শুনানি শেষে আবেদনটি খারিজ করে দিয়ে আদালত ২০৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, অভিযোগ গঠনের পর আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচারকাজ শুরু হলো। আসামিরা উচ্চ আদালত থেকে পাওয়া জামিনে রয়েছেন।