না.গঞ্জে মহাসমাবেশের আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ বিএনপির
নারায়ণগঞ্জে বিএনপির ডাকা ১ মের শ্রমিক মহাসমাবেশের আয়োজন নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে দলের নেতারা অভিযোগ করেছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই মহাসমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন।বিএনপির নেতাদের অভিযোগ, মহাসমাবেশের মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ না করার জন্য ডেকোরেটর মালিকদের চাপ দেওয়া হচ্ছে। এ ছাড়া মহাসমাবেশটি ভণ্ডুল করতে গত ২২ এপ্রিল গ্রেপ্তার করা হয়েছে শ্রমিক দলের জেলা কমিটির আহ্বায়ক ও শহর কমিটির সভাপতিকে। তবে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলা হয়েছে, পুলিশ ইতিমধ্যে অনুষ্ঠান আয়োজনে অনাপত্তি দিয়েছে। আর জেলা প্রশাসন অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে।স্থানীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিক মহাসমাবেশ আয়োজনের জন্য শহরের জিমখানা এলাকা, খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামসংলগ্ন মাঠ এবং ওসমানী স্টেডিয়ামে তিনটি স্থান চেয়ে আবেদন করা হয়েছে। নারায়ণগঞ্জ শহর বিএনপির দপ্তর সম্পাদক খোকন শাহ্ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, মহাসমাবেশের মঞ্চ নির্মাণ না করতে নারায়ণগঞ্জের বড় বড় ডেকোরেটর মালিকদের ওপর চাপ দেওয়া হচ্ছে। এতে বলা হয়, শহরের দেওভোগে আলী আহমঞ্চদ চুনকা সড়কে অবস্থিত ইকবাল ডেকোরেটরের দোকানে গিয়ে মহাসমাবেশের মঞ্চ ও প্যান্ডেল তৈরির বিষয়ে কথা বলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার। কিন্তু মহাসমাবেশের কাজ করতে নিজের অপারগতা প্রকাশ করেন ডেকোরেটর মালিক।এ বিষয়ে ইকবাল ডেকোরেটরের মালিক ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল অভিযোগ করেন, মহাসমাবেশের আগে উদ্দেশ্যমূলকভাবে শ্রমিক দলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, মহাসমাবেশের আয়োজনে কোনো চাপ বা বাধা দেওয়ার প্রশ্নই আসে না। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবেই বিবেচনা করা হচ্ছে।