না.গঞ্জে সংঘর্ষ, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের শিবু মার্কেট এলাকায় সংঘর্ষের সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন  ছবি: প্রথম আলো
মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের শিবু মার্কেট এলাকায় সংঘর্ষের সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জে গতকাল বৃহস্পতিবার ন্যূনতম বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাককর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। তিন ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে ২০ পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।এ ছাড়া গাজীপুর ও টঙ্গী এলাকায় টানা ষষ্ঠ দিনের মতো গতকালও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জ: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকার রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান রূপসী ও মাহবুবা গার্মেন্টসের শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। বেলা দেড়টার দিকে পুলিশ সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় শ্রমিকেরা সড়কে ২০-২৫টি যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর সড়কে যান চলাচল শুরু হয়। অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার কাঠেরপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। তাঁরা কারখানার ভবনের ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। বেলা একটার দিকে পুলিশ পিছু হটলে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে এসে পোস্ট অফিস-হাজীগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়িতে অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে জবাব দেন। এভাবে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত চলে সংঘর্ষ। পুলিশের পরিদর্শক রেজাউলসহ পুলিশের ২০ সদস্য, দৈনিক ইত্তেফাক-এর ফটোসাংবাদিক তাপস সাহা এবং শ্রমিক, পথচারীসহ অন্তত অর্ধশত মানুষ আহত হন।

শ্রমিকনেতার অভিযোগ: গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় গত দুই দিন শ্রমিকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানের নির্দেশে পুলিশ ও তাদের পালিত ঝুট সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

গাজীপুরে বিজিবি মোতায়েন: কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গতকাল একটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এ ছাড়া জিরানী এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা গতকাল সকালে নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, কয়েক দিন ধরে টানা বিক্ষোভ-ভাঙচুরের পর গতকাল ভোর থেকে গাজীপুরে র‌্যাব-পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম জানান, পোশাক কারখানায় অস্থিরতা নিয়ন্ত্রণে তিন প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা জেলার শিল্পসমৃদ্ধ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দিচ্ছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মোতায়েন করা হয়েছে।

টঙ্গীতে বিক্ষোভ চলছে: মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনের সময় গত মঙ্গলবার শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুর টঙ্গী বিসিক শিল্প এলাকার রেডিসন অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ কারখানার ভেতরে ঢুকে শ্রমিকদের লাঠিপেটা শুরু করে। এতে শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামার চেষ্টা করেন। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আহত শ্রমিকদের চিকিৎসাব্যয় ও হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন। এরপর কারখানা গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়।