নাইওরপুল থেকে টিলাগড় সড়কে ধুলোর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের নাইওরপুল-টিলাগড় সড়কের ধুলাবালুর কারণে ভোগান্তিতে পড়েছেন আশপাশের বাসিন্দা ও চলাচলকারীরা। গাড়ি চলাচলের সময় রাস্তার ধুলো উড়ে আশপাশের বাড়িঘর ও দোকানপাটের পণ্যসামগ্রী নষ্ট করে দিচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জানায়, দেড় বছর ধরে সড়কটির অবস্থা খারাপ। এর স্থানে স্থানে অসংখ্য খানাখন্দ। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। কিন্তু চলতি বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও খারাপ হয়ে যায়। পরে জরুরি ভিত্তিতে দুই সপ্তাহ আগে এসব খানাখন্দে বালু ও পাথর ফেলে ভরাট করে অস্থায়ীভাবে সংস্কার করা হয়।
সরেজমিনে দেখা গেছে, ধুলাবালু উড়ে আশপাশের দোকান, রেস্তোরাঁসহ ঘরবাড়িতে পড়ছে। পরিষ্কার পোশাক পরে ঘর থেকে বের হয়ে নির্দিষ্ট স্থানে যেতে যেতেই তা ময়লা হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
মীরাবাজার এলাকার বাসিন্দা পারভেজ মিয়া বলেন, ‘বালুর সঙ্গে মাটির মিশ্রণ ছিল বলে আমাদের ধারণা। তাই ধুলার পরিমাণ বেশি।’
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, ‘সড়ক সংস্কারের সময় বালুর সঙ্গে ১০ শতাংশ কাদামাটি থাকা উচিত। কিন্তু সিলেট অঞ্চলে এই জাতীয় বালু পাওয়া যায়নি বলেই মোটা বালু দেওয়া হয়। তাই ধুলা উড়ছে বলে মনে হচ্ছে। তবে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সড়কে স্থায়ী সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। তখন ধুলাজনিত সমস্যা দূর হবে।’