নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতে খালেদা জিয়া  l ছবি: ফোকাস বাংলা
আদালতে খালেদা জিয়া l ছবি: ফোকাস বাংলা

নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আমিনুল ইসলাম ওই আবেদন মঞ্জুর করেন। আদালত এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ২৮ ডিসেম্বর দিন ধার্য করেন।
খালেদা জিয়া গতকাল দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ১২টা ২৫ মিনিটে বিচারক এজলাসে ওঠেন এবং এজলাসের সামনে এক পাশে রাখা চেয়ারে খালেদা জিয়াকে বসার অনুমতি দেন। ১০ মিনিট শুনানি শেষে আদালত খালেদা জিয়ার জামিনের আবেদন মঞ্জুর করেন। ১২টা ৪০ মিনিটের দিকে খালেদা জিয়া আদালত ত্যাগ করেন।
খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানিতে বলেন, খালেদা জিয়া উচ্চ আদালতের নির্দেশমতো আদালতে হাজির হয়েছেন এবং জামিনের আবেদন করেছেন। তিনি এ মামলায় জামিনে ছিলেন। জামিনের অপব্যবহার করেননি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন জামিনের বিরোধিতা করেন। আদালত দুই পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করেন এবং ২৮ ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন।
খালেদা জিয়ার হাজির হওয়াকে কেন্দ্র করে সকাল থেকে আদালত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে রাখে র‍্যাব-পুলিশ। আদালত-সংলগ্ন রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে শুধু বিপরীত দিকের রাস্তায় যান চলাচল করতে দেওয়া হয়।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক। মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন। আসামিপক্ষ মামলার বৈধতা চ্যালেঞ্জ করলে হাইকোর্ট ওই বছরের ৯ জুলাই এ মামলার কার্যক্রম স্থগিত করেন এবং রুল দেন। প্রায় সাত বছর পর গত ১৮ জুন হাইকোর্ট রুল নিষ্পত্তি করেন। একই সঙ্গে খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।