নাইকো মামলা নিয়ে রায় আজ, গ্যাটকো যেকোনো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম নিম্ন আদালতে চলবে কি না, এ বিষয়ে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন হাইকোর্ট। আর গ্যাটকো দুর্নীতি মামলা বাতিলে খালেদা জিয়ার দুটি আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বুধবার রায় অপেক্ষমাণ রাখা হয়েছে।

বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল নাইকোমামলার বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের ওপর রায় ঘোষণার দিন ধার্য করেন। আর বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল গ্যাটকো মামলা বাতিলে খালেদা জিয়ার দুই আবেদনের ওপর শুনানি শেষ হয়।

এদিকে, জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা জিয়া। ঢাকা বিশেষ জজ আদালত-৩-এ বিচারাধীন এ মামলা দুটিতে আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে।

বিএনপির চেয়ারপারসনের আইনজীবী ও তাঁর উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, প্রতিটি মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক। হাওয়া বদলের সঙ্গে সঙ্গে এ ধরনের মামলা হাওয়া হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও ৫৭টি দুর্নীতির মামলা ছিল। কোথায় গেল সে মামলাগুলো।

তবে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশের রাজনীতিবিদদের একটা ফ্যাশন হয়ে গেছে যে তাঁদের বিরুদ্ধে মামলা হলেই বলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দুদকের প্রত্যেকটি মামলা নথিপত্রের ওপর পুরোপুরি নির্ভরশীল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সঙ্গে খালেদা জিয়ার মামলার বিস্তর ফারাক, সেটা আমরা আদালতকে দেখিয়েছি।’

নাইকো দুর্নীতি মামলা: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০০৮ সালের ৫ মে এই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

পরে নাইকো মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ও নিম্ন আদালতে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি হাইকোর্ট রুল দেন। ওই সময় থেকে মামলাটির কার্যক্রম স্থগিত রয়েছে।

প্রায় সাত বছর পর চলতি বছরের শুরুতে মামলাটির কার্যক্রম আবার চালু করার উদ্যোগ নেয় দুদক। গত ১৯ এপ্রিল রুলের ওপর শুনানি শুরু হয়, ২৮ মে শুনানি শেষ হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তাঁকে সহযোগিতা করেন রাগীব রউফ চৌধুরী ও জাকির হোসেন ভূঁইয়া। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

রাগীব রউফ জানান, বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণা করবেন আদালত।

গ্যাটকো দুর্নীতি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাও হয় সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে এ মামলাটি করে দুদক। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ টাকার ক্ষতি করেছেন।

২০০৭ ও ২০০৮ সালে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট এ মামলার কার্যক্রম স্থগিত করেন ও রুল দেন। চলতি বছরের শুরুর দিকে এ মামলাটিও সচলের উদ্যোগ নেয় দুদক। গতকাল ওই রুলের ওপর শুনানি শেষে রায় অপেক্ষমাণ রাখেন আদালত। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, এ এম মাহবুব উদ্দিন খোকন ও রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

আজ আদালতে যাবেন খালেদা: জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ রাজধানীর বকশীবাজারে বিশেষ জজ আদালত-৩-এ যাবেন খালেদা জিয়া। তাঁর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও এ কে এম এহসানুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জমি কেনায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুদক অপর মামলাটি করে ২০১১ সালের ৮ আগস্ট। তেজগাঁও থানায় করা এ মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়। দুই মামলারই বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশিদ। ইতিমধ্যে বিচারিক আদালতে তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত ২৫ মে তাঁর সাক্ষ্য প্রত্যাহারের জন্য খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করলেও বিচারক আবু আহমেদ জমাদার তা নাকচ করে দেন। এরপর ১৪ জুন বাদীর সাক্ষ্য বাতিল করে নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। আগামী সপ্তাহে এ আবেদনটির ওপর শুনানি হতে পারে।