নাইকো মামলা: মওদুদের আবেদন শুনতে বিব্রত বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া রুলের ওপর শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছেন দ্বৈত বেঞ্চের এক বিচারপতি। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বিব্রতবোধ করেছেন বলে জানান দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান। প্রথম আলোকে তিনি বলেন, বিব্রতবোধ করে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি এখন বেঞ্চে নির্ধারণ করে দিলে ওই বেঞ্চে শুনানি হবে।

আদালতে এ সময় মওদুদ আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ ডিসেম্বর মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া রুল ১৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে পক্ষগুলোকে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। মওদুদের ক্ষেত্রে এই মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, এর বিরুদ্ধে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন আপিল বিভাগ। এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মওদুদের ক্ষেত্রে মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ৭ ডিসেম্বর চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে দুদক। সেদিন আদালত বিষয়টি ১১ ডিসেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

নাইকো দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। পরের বছরের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগে বলা হয়, কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।