নাইকো মামলায় লিভ টু আপিলের শুনানি ৩১ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইকো দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল শুনানির জন্য ৩১ জুলাই তারিখ ধার্য করছেন আদালত। আজ রোববার খালেদা জিয়ার পক্ষে করা এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তারিখ ধার্য করেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, নাইকো মামলার লিভ টু আপিলটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন চেম্বার বিচারপতি।

২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এতে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

পরে নাইকো মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ও নিম্ন আদালতে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই বিচারিক আদালতে মামলার কার্যক্রম স্থগিত করার পাশাপাশি রুল দেন হাইকোর্ট। ওই সময় থেকে মামলাটির কার্যক্রম স্থগিত ছিল।

গত বছরের শুরুতে মামলাটির কার্যক্রম আবার চালু করার উদ্যোগ নেয় দুদক। ১৯ এপ্রিল রুল শুনানি শুরু হয়, ২৮ মে শেষ হয়। ১৮ জুন রুল খারিজ করেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। এরই ধারাবাহিকতায় তিনি ৩১ ডিসেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।