নাইকোর পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাও চালু হচ্ছে। গ্যাটকো দুর্নীতি মামলা চ্যালেঞ্জ করে তাঁর করা রিট আবেদন গতকাল বুধবার খারিজ করেছেন হাইকোর্ট। আদালত এই রায়ের অনুলিপি পাওয়ার দুই মাসের মধ্যে খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছেন।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে এ মামলা চলতে কোনো বাধা থাকল না।
এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো, গ্যাটকো ও বড়পুকুরিয়া খনি-সংক্রান্ত দুর্নীতির তিনটি মামলা হয়। তিনটি মামলারই বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে মামলা তিনটির কার্যক্রম স্থগিত ছিল। চলতি বছরের শুরুতে এ তিনটি দুর্নীতি মামলা সচল করতে রুল শুনানির উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৮ জুন নাইকো এবং গতকাল গ্যাটকো মামলার ওপর স্থগিতাদেশ তুলে নেন হাইকোর্ট। এখন বড়পুকুরিয়া খনি-সংক্রান্ত দুর্নীতি মামলার ক্ষেত্রে করা আবেদন বিচারাধীন রয়েছে। খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এ আবেদনের শুনানি শেষ পর্যায়ে রয়েছে।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে গ্যাটকো দুর্নীতি মামলা করে দুদক। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৭ ও ২০০৮ সালে মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট এই মামলার কার্যক্রম স্থগিত করেন ও রুল দেন। ওই সময় থেকে মামলাটির কার্যক্রম স্থগিত ছিল। গতকালের রায়ে এ স্থগিতাদেশ তুলে নেন হাইকোর্ট।
গতকাল খালেদা জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, রাগীব রউফ চৌধুরী ও সগীর হোসেন আদালতে উপস্থিত ছিলেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
রায়ের পর খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, রুল খারিজ করে স্থগিতাদেশ তুলে নেওয়ায় বিচারিক আদালতে এ মামলা চলতে কোনো বাধা থাকল না। রায়ের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, আদালত বলেছেন, এ মামলায় রিট আবেদন গ্রহণযোগ্য নয়। কারণ, ফৌজদারি মামলা বাতিল করতে গেলে রিট আবেদনে যেসব উপাদান থাকা দরকার, সেগুলো এখানে অনুপস্থিত।
খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘রায়ের অনুলিপি পাওয়ার পর তা আমরা পর্যালোচনা করব। অবশ্যই আমরা আপিল বিভাগে যাব।’
গ্যাটকো মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদার প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ টাকার ক্ষতি করেছেন। খালেদা জিয়া ছাড়াও সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী প্রমুখ এ মামলার আসামি।
খালেদা জিয়ার বিরুদ্ধে এখন দুটি দুর্নীতির মামলার বিচারকাজ চলছে। এগুলো হলো জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ এই দুই মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে।