নাইকো মামলায় খালেদার আবেদনের শুনানি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইকো দুর্নীতি মামলা বাতিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি গতকাল বুধবার শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার আবার শুনানি হবে।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল এ আবেদনের ওপর শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী রাগীব রউফ চৌধুরী। তাঁকে সহায়তা করেন এ কে এম এহসানুর রহমান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
ক্ষমতার অপব্যবহার করে কানাডার কোম্পানি নাইকো রিসোর্সেসের সঙ্গে অস্বচ্ছ চুক্তি করে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর এ মামলা করে দুদক। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।