নাইকোর গ্যাসের দাম সুদসহ শোধ করতে হবে
ফেনী ক্ষেত্র থেকে কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেসের সরবরাহ করা গ্যাসের দাম সুদসহ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। ওয়াশিংটনভিত্তিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি-সংক্রান্ত আন্তর্জাতিক সালিসি আদালত গত ১১ সেপ্টেম্বর এই রায় দিয়েছেন।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট (ইকসিড) নামে পরিচিত এই আদালতের ওয়েবসাইটে রায় পাওয়া গেছে। রায়ে বলা হয়, পেট্রোবাংলার কাছে দেশীয় ও আন্তর্জাতিক মুদ্রায় নাইকোর আসল পাওনা প্রায় ২১৬ কোটি টাকা। এই অর্থ ২০০৪ সালের নভেম্বর থেকে ২০১০ সালের এপ্রিল পর্যন্ত সরবরাহ করা গ্যাসের দাম। এর সঙ্গে পেট্রোবাংলাকে নির্ধারিত হারে সুদও পরিশোধ করতে হবে। তবে এই সুদ ২০০৭ সালের ১৪ মের আগের জন্য প্রযোজ্য হবে না।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক জ্বালানি মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, ইকসিডের রায়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে রায় কার্যকর করার সুযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপই নেওয়া হয়েছে। ফলে নাইকোর কাছ থেকে টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে দুই দফা বিস্ফোরণের দায়ে দাবি করা ক্ষতিপূরণ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্যাসের দাম পরিশোধ করতে হচ্ছে না।
পেট্রোবাংলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নাইকো যখন গ্যাস সরবরাহ করেছে, দাম তো পাবেই। কিন্তু ক্ষতিপূরণ মামলা নিষ্পত্তির আগে ওই দাম পরিশোধে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তাই এখন তা পরিশোধ করা যাচ্ছে না। পেট্রোবাংলার আইনজীবীরা ইকসিডকে এ কথা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, আগামী মাসের মাঝামাঝি সময়ে ক্ষতিপূরণ মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ছয় মাসের মধ্যে যেকোনো সময় রায় ঘোষিত হবে। তখন পেট্রোবাংলার ক্ষতিপূরণ পাওয়া ও নাইকোর গ্যাসের দাম পরিশোধের বিষয় নিষ্পত্তি হবে। টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের দায়ে পেট্রোবাংলা ৭৪৬ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেছে। মামলাটি এখনো চলমান আছে।
ইকসিডে মামলা ও আদেশ: নাইকো ২০১০ সালের ১২ এপ্রিল একটি এবং ১৬ জুন আরেকটি মামলা ইকসিডে দায়ের করে। মামলা দুটিতে নাইকো ইকসিডের কাছে দুটি বিষয়ে আদেশ চায়। এক, টেংরাটিলায় বিস্ফোরণের দায় তাদের ওপর বর্তায় কি না এবং বাংলাদেশ ও পেট্রোবাংলা এই ক্ষতিপূরণ দাবি করতে পারে কি না। দুই, ফেনী ক্ষেত্র থেকে সরবরাহ করা গ্যাসের দাম পরিশোধ পেট্রোবাংলা বন্ধ রাখতে পারে কি না।
এই মামলার শুনানির একপর্যায়ে গত বছর আগস্টে দেওয়া এক আদেশে ইকসিড বলেন, বাংলাদেশ রাষ্ট্র সম্পর্কে মামলা পরিচালনা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তাই বাংলাদেশ রাষ্ট্র এই মামলার পক্ষ হিসেবে থাকবে না। তবে যৌথ উদ্যোগের অধীনে বাপেক্স এবং গ্যাস কেনাবেচা চুক্তির (জিপিএসএ) অধীনে পেট্রোবাংলার বিরুদ্ধে মামলা চলবে। তারপর গত ১১ সেপ্টেম্বর নাইকোর গ্যাসের দাম পরিশোধ-সংক্রান্ত মামলাটির রায় ঘোষণা করা হয়।
মামলা পরিচালনা: ইকসিডে পেট্রোবাংলার পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী তৌফিক নেওয়াজ। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির স্বামী।
অবশ্য নাইকো প্রথম মামলাটি করার পর পেট্রোবাংলা ড. কামাল হোসেনকে তা পরিচালনার জন্য অনুরোধ জানায়। সে অনুযায়ী কামাল হোসেন ইকসিডে এটি উপস্থাপনা করেন। নাইকো দ্বিতীয় মামলাটি করলে পেট্রোবাংলা এটিও পরিচালনার ব্যাপারে কামাল হোসেনকে অনুরোধ করেন। কিন্তু পরে আর তাঁকে এ ব্যাপারে কিছু না জানিয়ে তৌফিক নেওয়াজকে নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানায়, ড. কামাল এর আগে শেভরন ও সিমিটারের বিরুদ্ধে দেশের পক্ষ হয়ে দুটি মামলা পরিচালনা করেছেন এবং দুটিতেই বাংলাদেশ জয়ী হয়েছে। ১৯৯৪ সালের ৫ এপ্রিল সিমিটারের মামলায় প্রথম জয় পায় বাংলাদেশ। এর ফলে জালালাবাদ গ্যাসক্ষেত্র এবং সুরমা-১ ক্ষেত্রের ১ নম্বর কূপের মালিকানা ফিরে পায় বাংলাদেশ।
দ্বিতীয় জয় আসে শেভরনের মামলায় ২০০৯ সালে। সঞ্চালন লাইনের হুইলিং চার্জ নিয়ে দায়ের করা মামলার রায় শেভরনের বিপক্ষে যাওয়ায় বাংলাদেশ হুইলিং চার্জ বাবদ ২০ বছরে পাবে দুই হাজার ৩২৪ কোটি টাকা।
ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি পরিচালিত সাইপেমের মামলায় হেরে যায় বাংলাদেশ। ফলে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিতে হয় বাংলাদেশকে। নর্থসাউথ গ্যাস পাইপলাইন নিয়ে সাইপেম মামলাটি করেছিল।
মামলাগুলোর প্রেক্ষাপট: সরকার টেংরাটিলা, ফেনী ও কামতা গ্যাসক্ষেত্রকে ‘প্রান্তিক’ (যে ক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের সম্ভাবনা শেষ হয়ে গেছে) দেখিয়ে সেখান থেকে গ্যাস তোলার জন্য ১৯৯৯ সালে নাইকো-বাপেক্স যৌথ উদ্যোগের সঙ্গে চুক্তি করেছিল। এর অধীনে নাইকোর অদক্ষ কূপ খনন প্রক্রিয়ার কারণে ২০০৫ সালে দুবার (৭ জানুয়ারি ও ২৪ জুন) সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ ঘটে। এর ফলে ওই গ্যাসক্ষেত্র ও সন্নিহিত এলাকায় পরিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
সরকার তথা পেট্রোবাংলা প্রথমে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করে। কিন্তু তা সফল না হওয়ায় ২০০৮ সালে ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে ক্ষতিপূরণ দাবি করে মামলা করে।
অপর দিকে ফেনী গ্যাসক্ষেত্র থেকে নাইকো-বাপেক্সের যৌথ চুক্তির অধীনে গ্যাস তুলে জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছিল। টেংরাটিলা বিস্ফোরণের পর পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে একটি মামলা করে। তাতে টেংরাটিলার ক্ষতিপূরণ দাবি করা ছাড়াও বলা হয়, নাইকোর সঙ্গে সরকার অস্বচ্ছ প্রক্রিয়ায় চুক্তিটি করেছে। তাই চুক্তি বাতিল করা দরকার। কিন্তু হাইকোর্ট চুক্তি বাতিলের কোনো নির্দেশনা দেননি। তবে টেংরাটিলার ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত নাইকোকে ফেনীর গ্যাসের দাম পরিশোধ না করার আদেশ দেন। ফলে পেট্রোবাংলা নাইকোকে গ্যাসের দাম দেওয়া বন্ধ করে দেয়।
পরে অবশ্য কানাডার আদালতে প্রমাণিত হয়েছে যে ওই চুক্তি সম্পাদনে দুর্নীতি হয়েছিল। সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনকে ২০০৫ সালে একটি দামি গাড়ি ও ভ্রমণ ব্যয়ের পাঁচ হাজার ডলার ঘুষ দেওয়ায় স্বদেশে দণ্ডিত হয়েছে নাইকো।
বাণিজ্যিক স্বার্থে বিদেশে ঘুষ দেওয়া প্রতিরোধ-সংক্রান্ত কানাডার আইনে সে দেশের একটি আদালতে ২০০৯ সাল থেকে এই মামলা চলছিল। নাইকো দোষ স্বীকার করায় ২০১১ সালে ওই আদালত দণ্ড হিসেবে ৯৪ লাখ ৯৯ হাজার কানাডীয় ডলার (৯৭ লাখ ৫০ হাজার ৭৯৪ মার্কিন ডলার) জরিমানার আদেশ দেয়।
এ ছাড়া অভিযোগ আছে, প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ না করে মূলত রাজনৈতিক সিদ্ধান্তে নাইকোকে ওই কাজ দেওয়া হয়। এ জন্য গ্যাসক্ষেত্র তিনটি প্রান্তিক হিসেবে দেখানো হলেও প্রকৃতপক্ষে তা প্রান্তিক ছিল না। বিগত আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুটি সরকারের আমলেই এই কাজ দেওয়ার প্রক্রিয়া চলে। আর ওই চুক্তি সম্পাদনের সময় জ্বালানি সচিব ছিলেন বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এ কারণে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ বিষয়টিকে কেন্দ্র করে দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া এবং তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ অনেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল।