নাইকোর মামলায় হারের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ বিরোধ নিষ্পত্তিসংক্রান্ত আন্তর্জাতিক সালিসি আদালতে (ইকসিড) কানাডীয় কোম্পানি নাইকোর করা মামলায় সরকারের হেরে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। মামলা পরিচালনায় অদক্ষতা ও ত্রুটিই এর কারণ বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।
এই শঙ্কা থেকে উত্তরণের প্রায় অসম্ভব ও শেষ চেষ্টা হিসেবে সরকার ইকসিডের কাছে একটি শুনানির আবেদন করেছিল। ইকসিড প্রথমে সেই শুনানি গ্রহণে রাজি ছিলেন না। এরপর সরকারের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবের কাছে বিষয়টি উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সেই পর্যায়ে ইকসিড একটি শুনানি গ্রহণে সম্মত হন। তবে এই শুনানির ভিত্তিতে তারা কোনো মতামত না-ও দিতে পারেন বলে জানিয়ে দিয়েছেন।
গতকাল সোমবার থেকে লন্ডনে এই শুনানি শুরু হয়েছে। চলবে শুক্রবার পর্যন্ত। এই শুনানিতে অংশ নিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ, বাপেক্সের বর্তমান ও একজন সাবেক ব্যবস্থাপনা পরিচালক, দুজন আইনজীবীসহ একটি প্রতিনিধিদল গত শনিবার লন্ডনে গেছে।
এ ছাড়া এই মামলায় বাংলাদেশের পক্ষে আইনি লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্রের একটি আইন প্রতিষ্ঠান (ল ফার্ম) নিযুক্ত করা হয়েছে। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির মামলায়ও এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের পক্ষে নিয়োগ করা হয়েছিল বলে মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।
মামলা সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ লন্ডন রওনা হওয়ার আগে প্রথম আলোকে বলেন, ইকসিডে মামলা পরিচালনায় শুরু থেকেই গাফিলতি ছিল। আদালতে বাংলাদেশের অবস্থান, দাবি—কোনো কিছুই স্পষ্ট করে তুলে ধরা হয়নি। সে জন্যই সমস্যা সৃষ্টি হয়েছে। এখন শুনানিতে নতুন করে কিছু বিষয় উপস্থাপন করা হবে। এভাবে চেষ্টা করা হচ্ছে সমস্যা থেকে উত্তরণের।
নতুন করে শুনানিতে কী বলা হবে, জানতে চাইলে পেট্রোবাংলার সংশ্লিষ্ট সূত্র জানায়, বিস্ফোরণের পর থেকে প্রায় ১০ বছর ধরে টেংরাটিলা ক্ষেত্রটি থেকে গ্যাস বের হয়ে যাচ্ছে। এর প্রতিকারে নাইকো কোনো উদ্যোগ নেয়নি। এতে দেশের ক্ষতি বেড়েছে। এর দায় নাইকোকে নিতে হবে। এ ছাড়া রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্সকে মামলার পক্ষ করার জন্য অবেদন করা হতে পারে। কেননা টেংরাটিলা ক্ষেত্রটি থেকে অবিরাম গ্যাস বের হয়ে যাওয়ায় বাপেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বোপরি কানাডার আদালতে দুর্নীতির দায়ে নাইকোর দণ্ডিত হওয়ার বিষয়টিও আনুষ্ঠানিকভাবে আদালতের নজরে আনা হতে পারে।
গত বছরের ১১ সেপ্টেম্বর ইকসিড এই মর্মে অন্তর্বর্তীকালীন রায় ঘোষণা করেন যে ফেনী ক্ষেত্র থেকে নাইকোর সরবরাহ করা গ্যাসের দাম পেট্রোবাংলাকে সুদসহ পরিশোধ করতে হবে। মামলার চূড়ান্ত রায় ঘোষণা না হওয়া পর্যন্ত গ্যাসের দাম বাবদ সম্পূর্ণ অর্থ (প্রায় ২১৬ কোটি টাকা এবং সুদ) কোনো তৃতীয় পক্ষের কাছে রাখতে হবে।
এ রায় ঘোষণার পর সরকার নতুন করে একটি শুনানি গ্রহণের জন্য আবেদন করে। মামলার আইনজীবী তৌফিক নেওয়াজকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন আইনজীবী নিয়োগ করে। মামলার তত্ত্বাবধানকারী পেট্রোবাংলার সাবেক সচিব (পরে সিলেট গ্যাসফিল্ডস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক) ইমাম হোসেনকে ওএসডি করা হয়।
অপর দিকে নাইকো টেংরাটিলা গ্যাসক্ষেত্রে কূপ খননের জন্য নিরাপত্তা জামানত হিসেবে ব্যাংকে গচ্ছিত রাখা অর্থ তুলে নিয়ে যায়। সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইকসিডে মামলা পরিচালনায় ত্রুটি, নাইকোর ব্যাংক গ্যারান্টির অর্থ তুলে নেওয়া এবং নাইকোর কাছে ক্ষতিপূরণ দাবি করে ঢাকার আদালতে মামলা নিষ্পত্তির প্রক্রিয়া শ্লথ করা—এই সবকিছুর সঙ্গে সরকারের কিছু লোক জড়িত ছিল।
সূত্র বলেছে, ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে সরকার ক্ষতিপূরণের যে মামলা ২০০৮ সালে দায়ের করেছিল, সেটি সচল করার জন্যও নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের দায়ে পেট্রোবাংলা ৭৪৬ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করে।
মামলাগুলোর প্রেক্ষাপট: সরকার টেংরাটিলা, ফেনী ও কামতা গ্যাসক্ষেত্রকে ‘প্রান্তিক’ (যে ক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের সম্ভাবনা শেষ হয়ে গেছে) দেখিয়ে সেখান থেকে গ্যাস তোলার জন্য ১৯৯৯ সালে নাইকো-বাপেক্স যৌথ চুক্তি করেছিল। এর অধীনে নাইকোর অদক্ষ কূপ খনন-প্রক্রিয়ার কারণে ২০০৫ সালে দুবার (৭ জানুয়ারি ও ২৪ জুন) সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ ঘটে। এর ফলে ওই গ্যাসক্ষেত্র ও সন্নিহিত এলাকায় পরিবেশের ব্যাপক ক্ষতি হয়।
সরকার তথা পেট্রোবাংলা প্রথমে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করে। কিন্তু তা সফল না হওয়ায় ২০০৮ সালে ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে ক্ষতিপূরণ দাবি করে মামলা করে।
অপর দিকে ফেনী গ্যাসক্ষেত্র থেকে নাইকো-বাপেক্সের যৌথ চুক্তির অধীনে গ্যাস তুলে জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছিল। টেংরাটিলা বিস্ফোরণের পর পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে একটি মামলা করে। তাতে টেংরাটিলার ক্ষতিপূরণ দাবি করা ছাড়াও বলা হয়, নাইকোর সঙ্গে সরকার অস্বচ্ছ প্রক্রিয়ায় চুক্তি করেছে। তাই চুক্তি বাতিল করা দরকার। কিন্তু হাইকোর্ট চুক্তি বাতিলের কোনো নির্দেশনা দেননি। তবে টেংরাটিলার ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত নাইকোকে ফেনীর গ্যাসের দাম পরিশোধ না করার আদেশ দেন। ফলে পেট্রোবাংলা নাইকোকে গ্যাসের দাম দেওয়া বন্ধ করে দেয়।
পরে কানাডার আদালতে প্রমাণিত হয় যে ওই চুক্তি সম্পাদনে দুর্নীতি হয়েছিল। সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনকে ২০০৫ সালে একটি দামি গাড়ি ও ভ্রমণ-ব্যয়ের পাঁচ হাজার ডলার ঘুষ দেওয়ায় কানাডায় দণ্ডিত হয়েছে নাইকো। বাণিজ্যিক স্বার্থে বিদেশে ঘুষ দেওয়া প্রতিরোধ-সংক্রান্ত কানাডার আইনে সে দেশের একটি আদালতে ২০০৯ সাল থেকে এই মামলা চলছিল। নাইকো দোষ স্বীকার করায় ২০১১ সালে ওই আদালত দণ্ড হিসেবে ৯৪ লাখ ৯৯ হাজার কানাডীয় ডলার (৯৭ লাখ ৫০ হাজার ৭৯৪ মার্কিন ডলার) জরিমানার আদেশ দেন।
এ ছাড়া অভিযোগ আছে, প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ না করে মূলত রাজনৈতিক সিদ্ধান্তে নাইকোকে প্রান্তিক গ্যাসক্ষেত্রগুলো দেওয়া হয়। প্রান্তিক দেখানো হলেও প্রকৃতপক্ষে ক্ষেত্রগুলো প্রান্তিক ছিল না। বিগত আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুটি সরকারের আমলেই এ কাজ দেওয়ার প্রক্রিয়া চলে। আর ওই চুক্তি সম্পাদনের সময় জ্বালানিসচিব ছিলেন বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এ কারণে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিষয়টিকে কেন্দ্র করে দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া এবং তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ অনেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল।
ইকসিডে মামলা ও আদেশ: নাইকো ২০১০ সালের ১২ এপ্রিল একটি এবং ১৬ জুন আরেকটি মামলা ইকসিডে দায়ের করে। মামলা দুটিতে নাইকো ইকসিডের কাছে দুটি বিষয়ে আদেশ চায়। এক. টেংরাটিলায় বিস্ফোরণের দায় তাদের ওপর বর্তায় কি না এবং বাংলাদেশ ও পেট্রোবাংলা এই ক্ষতিপূরণ দাবি করতে পারে কি না। দুই. ফেনী ক্ষেত্র থেকে সরবরাহ করা গ্যাসের দাম পরিশোধ পেট্রোবাংলা বন্ধ রাখতে পারে কি না।
এই মামলার শুনানির একপর্যায়ে, গত বছরের আগস্ট মাসে দেওয়া এক আদেশে ইকসিড বলেছেন, বাংলাদেশ রাষ্ট্র সম্পর্কে মামলা পরিচালনা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তাই বাংলাদেশ রাষ্ট্র এই মামলার পক্ষ হিসেবে থাকবে না। তবে যৌথ উদ্যোগের অধীনে বাপেক্স এবং গ্যাস কেনা-বেচা চুক্তির (জিপিএসএ) অধীনে পেট্রোবাংলার বিরুদ্ধে মামলা চলবে। তারপর গত বছরের ১১ সেপ্টেম্বর নাইকোর গ্যাসের দাম পরিশোধ-সংক্রান্ত মামলাটির রায় ঘোষণা করা হয়। এরপর সরকার নতুন একটি শুনানির আবেদন করে।