নাইকোর মামলায় শেষ রক্ষার চেষ্টা সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের দায়ে কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেসকে অভিযুক্ত করার শেষ চেষ্টা চালাচ্ছে পেট্রোবাংলা তথা সরকার। এর অংশ হিসেবে বিনিয়োগবিরোধ নিষ্পত্তি-সংক্রান্ত আন্তর্জাতিক সালিসি আদালতের (ইকসিড) শুনানিতে কিছু তথ্য-প্রমাণ উপস্থাপন করতে যাচ্ছে। প্যারিসে আজ রোববার থেকে দুই দিনের এই শুনানি শুরু হচ্ছে।
জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র জানায়, নাইকোর দায় প্রমাণের জন্য সরকার তার আইনজীবীর পরামর্শে টেংরাটিলায় একদল বিদেশি বিশেষজ্ঞ পাঠিয়ে সেখানকার সার্বিক অবস্থার বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করে তথ্য সংগ্রহ করিয়েছে। তা ছাড়া নাইকোর সঙ্গে বিভিন্ন সময় বাপেক্সের টেংরাটিলাবিষয়ক আলোচনার প্রামাণ্য তথ্যও সংগ্রহ করেছে ওই বিশেষজ্ঞ দল। এবারের শুনানিতে সেগুলো উপস্থাপন করা হবে।
এ ছাড়া নাইকোর কাছে প্রাপ্য ক্ষতিপূরণের বিষয়টিও মীমাংসা করে দেওয়ার জন্য এবার ইকসিডে আরজি জানানো হবে। একই সঙ্গে ফেনী ক্ষেত্র থেকে সরবরাহ করা নাইকোর গ্যাসের দাম (সুদসহ প্রায় ২১৬ কোটি টাকা) পরিশোধের যে আদেশ ইকসিড দিয়েছিল, সে বিষয়ে বাংলাদেশের হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার কথাও এবারের শুনানিকালে জানিয়ে দেওয়া হবে। ইকসিড আদেশ দেওয়ার পর সরকার হাইকোর্টে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছিল। কিন্তু আদালত তা প্রত্যাহার করেননি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, মামলাটি সরকারের প্রায় হাতছাড়া হয়ে গিয়েছিল। সেখান থেকে শেষ রক্ষার চেষ্টা চালানো হচ্ছে।
এর আগে একাধিক শুনানিতে নাইকো ওই বিস্ফোরণের দায় অস্বীকার করে ইকসিডের কাছে এই বলে রায় প্রার্থনা করে। প্রায় পাঁচ বছর ধরে চলমান এই মামলায় সরকারপক্ষের আইনজীবী নাইকোর ওই দাবি চ্যালেঞ্জ করেননি। নাইকোর বিরুদ্ধে জোরালো যুক্তি উপস্থাপনেও তাঁরা ব্যর্থ হন। সেই অবস্থায় ইকসিড ফেনী ক্ষেত্র থেকে সরবরাহ করা নাইকোর গ্যাসের দাম তৃতীয় একটি ব্যাংক হিসাবে রাখার নির্দেশনা দেয়। তখন সরকারপক্ষ ইকসিডের কাছে সময় প্রার্থনা করে এবং একটি শুনানি গ্রহণের আবেদন জানায়।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে লন্ডনে অনুষ্ঠিত শুনানিতে বাপেক্সের একজন সাবেক ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষ্য পরিস্থিতি বদলে দেয়। ওই সাক্ষ্যে আদালতের সামনে নতুন করে অনেক বিষয় উপস্থাপিত হয়। তার পরিপ্রেক্ষিতে আজ ও আগামীকালের শুনানির দিনও নির্ধারিত হয়। ফলে সরকার মামলায় হারের আশঙ্কা থেকে বের হয়ে আসার একটি সুযোগ পেয়ে যায়। এবারের শুনানিতে নাইকোর দায় প্রমাণিত হলে সেই দায় কতটা তা নির্ধারণের জন্য ইকসিড পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারে।
নাইকোর অদক্ষ কূপ খনন প্রক্রিয়ার কারণে ২০০৫ সালে দুবার (৭ জানুয়ারি ও ২৪ জুন) সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ ঘটে। এর ফলে ওই গ্যাসক্ষেত্র, সন্নিহিত এলাকায় পরিবেশ ও জনজীবনের ব্যাপক ক্ষতি হয়। সরকার তথা পেট্রোবাংলা প্রথমে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করে। কিন্তু তা সফল না হওয়ায় ২০০৮ সালে ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে ৭৪৬ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করে।
অপর দিকে টেংরাটিলা বিস্ফোরণের পর পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে একটি মামলা করে। তাতে টেংরাটিলার ক্ষতিপূরণ দাবি ও নাইকোর সঙ্গে অস্বচ্ছ প্রক্রিয়ায় করা চুক্তি বাতিল চাওয়া হয়।