নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের উপনির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। ২৭ সেপ্টেম্বর ঘোষিত তফশিল অনুসারে আগামীকাল সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ভোটার তালিকা ত্রুটিপূর্ণ উল্লেখ করে গত সপ্তাহে হাইকোর্টে রিট আবেদনটি করেন ওখানকার ভোটার আলী হোসেন।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী এ আর এম কামরুজ্জামান কাকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

পরে কামরুজ্জামান কাকন প্রথম আলোকে বলেন, ৪৩৮ জন রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনে আপত্তি জানানো হলেও প্রতিকার না পেয়ে রিটটি করা হয়। ২০০৯ সালের ভোটার তালিকা আইনের ৭ ধারা ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ১৯ ধারা অনুসারে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও সংশ্লিষ্ট ওয়ার্ড বা এলাকার স্থানীয় বাসিন্দা ছাড়া অন্য কেউ ভোটার হতে পারেন না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দুটি বিধান অনুসরণ না করে ৪৩৮ জন ভোটার করা হয়—এসব যুক্তিতে রিটটি করা হয়।

শুনানি নিয়ে হাইকোর্ট ওই উপনির্বাচনের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন বলে জানান আইনজীবী কামরুজ্জামান কাকন। তিনি বলেন, ৪৩৮ জনকে ভোটার তালিকা থেকে বাদ না দিয়ে উপনির্বাচনের তফশিল ঘোষণা কেন বেআইনি ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।