নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান তোফাইল আহমদকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, গত রোববার জেলা শহরের কাশেমপাড়া থেকে তোফাইল আহমদ ও পার্বত্য নাগরিক পরিষদের জেলা সভাপতি আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
তবে তোফাইল আহমদ গত রোববার ডিবি কার্যালয়ে আটক অবস্থায় সাংবাদিকদের বলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে রোববার দুপুরে তাঁকে ডিবি পুলিশ আটক করে।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার বেলা তিনটার দিকে কাশেমপাড়ায় ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের জেলা সভাপতি আতিকুর রহমানের বাড়িতে অভিযান চালায়। সেখানে তোফাইল আহমদ, আতিকুর রহমানসহ ১৪-১৫ জন নাশকতার পরিকল্পনা করছিলেন। অভিযানে তোফাইল ও আতিকুরকে গ্রেপ্তার করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে রামদা, ব্যাটারি, সার্কিট ব্রেকার, বৈদ্যুতিক তারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। পালিয়ে যাওয়া লোকজনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন জাকের আহমেদ, আমিরুল কবীর, এহসানুল কবীর ও সাইফুদ্দিন বাহাদুর।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার দুজনসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করা হয়েছে।
ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী বলেন, তোফাইল আহমদের বিরুদ্ধে ১২টি মামলা আছে।