
কক্সবাজারের রামু বৌদ্ধবিহারে হামলার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল বৃহস্পতিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামু হামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে তোফায়েল আহমদ উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে যান এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সেখানে যায় ও তাঁকে গ্রেপ্তার করে কক্সবাজার নিয়ে আসে।
কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়া প্রথম আলোকে বলেন, তোফায়েল আহমদ রামুর বৌদ্ধপল্লিতে হামলার সঙ্গে জড়িত। হামলা সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
তবে তোফায়েল আহমদ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তাঁকে পরিকল্পিতভাবে রামুর ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুতে যখন বৌদ্ধপল্লিতে হামলা চলছে, তখন তিনি লোকজন নিয়ে নাইক্ষ্যংছড়ির ১০টির বেশি বৌদ্ধমন্দিরে পাহারা বসিয়ে রক্ষা করেন। এটা বৌদ্ধ সম্প্রদায়সহ প্রশাসনের সবাই জানে।