নাইক্ষ্যংছড়ি সীমান্ত থমথমে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত পরিস্থিতি গতকাল বুধবার শান্ ত থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে৷ মঙ্গলবার রাতে সীমান্তের ওপারে (মিয়ানমারের অভ্যন্তরে) গুলি ও বোমার আওয়াজ শোনা গেছে৷ এতে জামছড়ি ও আশপাশ এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷
নাইক্ষ্যংছড়ির পাইনছড়ি সীমান্তে গত ২৮ মে নিয়মিত টহলের সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নিহত হন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক সুবেদার মিজানুর রহমান৷ তার পর থেকেই সীমান্তে কমবেশি উত্তেজনা চলছে৷
সীমান্তের সূত্রগুলো জানিয়েছে, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাদের ভূখণ্ডের সালিডং এলাকায় গুলি ছোড়ে এবং বোমার বিস্ফোরণ ঘটায়৷ সীমান্তসংলগ্ন জামছড়িপাড়ার বাসিন্দা সাবের আহমদ জানান, গুলি ও বোমার শব্দে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ বুধবার পরিস্থিতি শান্ত থাকলেও থমথমে অবস্থা রয়েছে।
জামছড়ি সীমান্তে আশারতলী বিওপির একটি সূত্র জানায়, ৪৫ নম্বর সীমান্ত খুঁটির কাছাকাছি মিয়ানমারের ভূখণ্ডে রাত সোয়া ১০টার দিকে ছয়-সাতটি মর্টার শেল ও কয়েকটি গুলির আওয়াজ শোনা গেছে।
নাইক্ষ্যংছড়ির নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাফায়েত জাহিদ হোসেন জানান, তিনি বুধবার বিকেলে আশারতলী ও জামছড়ি সীমান্ত এলাকায় গিয়েছিলেন৷ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ স্থানীয় লোকজনের মধ্যে এখন আর আতঙ্ক নেই এবং লোকজন স্বাভাবিক কাজকর্ম করছে৷