নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে গোলাগুলি, বিজিবি সতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে (মিয়ানমারের ভূখণ্ডে) গতকাল মঙ্গলবার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সঙ্গে একটি বিদ্রোহী সংগঠনের গোলাগুলির খবর পাওয়া গেছে৷ এ অবস্থায় অনুপ্রবেশ ঠেকাতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে টহল ও জনবল বৃদ্ধি করে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)৷
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার লোকজন জানিয়েছেন, গতকাল সকাল সাড়ে ছয়টা থেকে ৩৮ নম্বর সীমান্ত পিলারের ১৫০-২০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি শুরু হয়। পরে ৩৯ নম্বর পিলার এলাকায়ও গোলাগুলির শব্দ পাওয়া যায়৷ সীমান্ত সূত্রগুলো জানিয়েছে, রোহিঙ্গা সলিডারিটি অর্গনাইজেশন (আরএসও) নামে মিয়ানমারের একটি বিদ্রোহী সংগঠন বিজিপির টহলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। ৩৮ নম্বর পিলার এলাকার লোকজন বলেছেন, গোলাগুলি থেমে থেমে বিকেল পর্যন্ত চলেছে। তবে গোলাগুলিতে কোনো পক্ষের কোনো হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।
বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাগুলির পর মিয়ানমারের ওই এলাকার বিজিপির ব্যাটালিয়ন অধিনায়কের সঙ্গে তাঁদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক তাঁকে জানিয়েছেন, কোনো সশস্ত্র দল বা ডাকাত দলের সঙ্গে তাঁদের বন্দুকযুদ্ধ হয়েছে। ওই সন্ত্রাসী দলের কেউ যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, এ ব্যাপারে তিনি বিজিবির সহযোগিতা চেয়েছেন।
বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, গোলাগুলির ঘটনার পর বিজিবির সেক্টর অধিনায়ক সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। অনুপ্রবেশ হতে পারে এমন জায়গাগুলোতে বিজিবির জনবল বাড়িয়ে টহল জোরদার করা হয়েছে৷