নাইক্ষ্যংছড়িতে চাক আদিবাসীরা মানবেতর জীবনযাপন করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভূমিদস্যুদের ভূমিদখল ও অত্যাচার-নির্যাতনে উচ্ছেদ হওয়া চাক আদিবাসীরা দেড় মাস ধরে মানবেতর জীবন যাপন করছে। তারা ঘরবাড়ি করার জায়গা না পেয়ে বাইশারী চাক পাড়াগুলোর বৌদ্ধবিহার প্রাঙ্গণে আশ্রয় নিয়েছে বলে গতকাল শনিবার উচ্ছেদ হওয়া পাড়ার কার্বারি (পাড়াপ্রধান) ও এলাকার চাকরা জানিয়েছেন। ২৯ মে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি চাক আদিবাসী পাড়া উচ্ছেদের বিষয়টি তদন্তের জন্য নাইক্ষ্যংছড়িতে যাচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে পার্বত্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।নাইক্ষ্যংছড়ির চাকরা জানিয়েছেন, বাইশারী ইউনিয়নের আলেক্ষ্যং মৌজায় প্রায় অর্ধশত পুরোনো বাদুড়ঝিরি চাক পাড়ার ২১টি পরিবার দেড় মাস আগে পাড়া ত্যাগ করতে বাধ্য হয়েছে। বাইশারী হেডম্যান পাড়া ও মধ্যম চাক পাড়ার মাঝামাঝি এলাকায় একটি ঝুপড়ি ঘর নির্মাণ করে আশ্রয় নেওয়া বাদুড়ঝিরি পাড়ার কার্বারি খিজারি চাক বলেন, বহিরাগত ভূমিদস্যুরা জুমের জমি দখল করে নেওয়ায় তাঁদের জীবিকার অবলম্বন জুম চাষ বন্ধ হয়ে যায়। মধ্যম চাক পাড়ার কার্বারি অংক্যনু চাক ও হেডম্যান পাড়ার উসাথোয়াই চাকসহ আরও অনেকে বলেন, উচ্ছেদ হওয়া বাদুড়ঝিরি পাড়াবাসী আশ্রয় নেওয়া পাড়াগুলোতে ঘরবাড়ি করে থাকার জায়গা না থাকায় বৌদ্ধবিহার প্রাঙ্গণে ছোট ছোট ঝুপড়ি নির্মাণ করে রয়েছেন। তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল হক বলেন, সংখ্যাক্ষুদ্র চাক আদিবাসীদের শুধু নাইক্ষ্যংছড়ি উপজেলায় বসবাস রয়েছে। বাদুড়ঝিরি পাড়াটি ভূমিদস্যুদের উৎপাতে উচ্ছেদ হওয়ায় অন্য চাকদের মধ্যেও একধরনের ভয় দেখা দিয়েছে। বেপরোয়া ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব না হলে আরও আদিবাসী ও বাঙালি পরিবার উচ্ছেদ হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল বলেছেন, তাঁর কাছে উচ্ছেদের ব্যাপারে লিখিতভাবে কেউ অবহিত না করলেও বিষয়টি সঠিক। তবে প্রশাসন থেকে কোনো তদন্ত করা হয়নি।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর খান বলেন, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সরেজমিন গিয়ে বিষয়টি তদন্ত করবে। চাকরা কীভাবে উচ্ছেদ হয়েছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।