নাইক্ষ্যংছড়িতে জনপ্রতিনিধিদের আইনশৃঙ্খলা কমিটির সভা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জনপ্রতিনিধিরা দুই মাস ধরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বর্জন করেছেন। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সভায়ও সরকারি কর্মকর্তা ছাড়া কোনো জনপ্রতিনিধি যাননি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকার করেছেন।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল বলেছেন, ইউপি ও উপজেলা চেয়ারম্যানরা কেন সভায় উপস্থিত হচ্ছেন না তাঁকে কোনো কিছু অবহিত করেননি।
জনপ্রতিনিধিরা বলেছেন, জনপ্রতিনিধি ও সাধারণ লোকজনের সঙ্গে ইউএনও সব সময় অমর্যাদাপূর্ণ আচরণ করে থাকেন। তাঁর আচরণ পরিবর্তন না হওয়া পর্যন্ত তাঁরা আইনশৃঙ্খলা কমিটির সভায় যাবেন না।
নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান দীপক বড়ুয়া বলেছেন, ইউএনও আহমেদ জামিল সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। শুধু তা-ই নয়, উপজেলা হাকিম (ম্যাজিস্ট্রেট) হিসেবে গ্রেপ্তারের হুমকি পর্যন্ত দেন।
দোছড়ি ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ বলেছেন, একটি প্রকল্পের দুই বস্তা চালের গরমিল পাওয়া গেছে দাবি করে দীপক চেয়ারম্যানের সঙ্গে ইউএনও অত্যন্ত অসৌজন্য ব্যবহার করেছেন। শুধু তা-ই নয়, তাঁর বিরুদ্ধে দুর্নীতির প্রতিবেদনও দিয়েছেন। এ জন্য জনপ্রতিনিধিরা বিষয়টির সমঞ্চানজনক মীমাংসা না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা কমিটির সভা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হামিদা বেগম বলেছেন, ইউপি চেয়ারম্যানরা গত মাস থেকে সভা বর্জন করছেন। তিনিও এবারের আইনশৃঙ্খলা কমিটির সভায় যাননি। হামিদা বলেন ইউএনওকে তিনি অমর্যাদাপূর্ণ আচরণ করতে দেখেননি। ইউপি চেয়ারম্যানরাও তাঁকে এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু বলেননি।
ইউএনও আহমেদ জামিল বলেছেন, জনপ্রতিনিধিরা শুধু আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করছেন না। উপজেলার উন্নয়ন সমন্বয় সভাসহ অন্যান্য সমস্ত কাজে তাঁরা স্বাভাবিকভাবে কাজ করছেন। কেন তাঁরা আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ করছেন না এবং তাঁকে কী করতে হবে জানালে তিনি তা করতে উদ্যোগ নেবেন বলে ইউএনও বলেছেন। অমর্যাদাপূর্ণ আচরণের অভিযোগ সম্পর্কে তাঁর জানা নেই বলে তিনি জানিয়েছেন।