নাইক্ষ্যংছড়িতে দুই বৌদ্ধ ভিক্ষুসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তসংলগ্ন তুমব্রু বাজার থেকে বিজিবির হাতে গ্রেপ্তার দুই বৌদ্ধ ভিক্ষুসহ তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মিয়ানমারের বৌদ্ধধর্মীয় উগ্রবাদী সন্দেহে বিপুল পরিমাণ তথ্যপ্রযুক্তি সরঞ্জামসহ তাঁদের গতকাল ও গত বুধবার গ্রেপ্তার করা হয় বলে গতকাল রোববার বিজিবি-পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
কক্সবাজারের উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও যাতায়াতের আলামত পাওয়া গেছে। তাঁরা কী উদ্দেশ্যে বিভিন্ন দেশে যাতায়াত করেন, তা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হচ্ছে।
বিজিবি কক্সবাজারের ১৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার বলেন, দুই বৌদ্ধ ভিক্ষুসহ তিনজনকে একই স্থান থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আটক করা হয়েছিল। মিয়ানমারে বৌদ্ধধর্মীয় উগ্রবাদী একটি দল সাম্প্রদায়িক উসকানিতে সক্রিয় রয়েছে। গ্রেপ্তারকৃতরা ওই উগ্রবাদী দলের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক নাইক্ষ্যংছড়ির তুমব্রু ও বরইতলীর লোকজন বলেন, অংখিং চাকমার বাড়ি মিয়ানমারে হলেও তিনি বরইতলীর এমং চাকমার মেয়েকে বিয়ে করেছেন। শ্বশুরবাড়িতে আসার সময় তাঁকে বিজিবি গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুই ভিক্ষুও ধর্মীয় কাজে মাঝেমধ্যে সীমান্তে যাওয়া-আসা করেন। মিয়ানমারের চাকমাদের কাছে তাঁদের যাতায়াত থাকলেও ধর্মীয় উগ্রবাদীর সঙ্গে তাঁরা জড়িত নন।
পুলিশ ও বিজিবি কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার শাসনা রক্ষিত ভিক্ষু (গৃহি নাম প্রকাশ চাকমা) ও সৌবিথ ভিক্ষু (সুময় চাকমা) দুজনের বাড়ি রাঙামাটি জেলার বসন্ত মইন পাড়ায় বলে দাবি করেছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সৌবিথ ভিক্ষুর বাড়ি মিয়ানমারে। অংখিং চাকমার বাড়ি মংডুর ডেকিবুনিয়ায়। তাঁদের কাছ থেকে মিয়ানমারের মানচিত্র, অ্যান্ড্রয়েড মোবাইল, ট্যাব, মেমোরি কার্ড, পেনড্রাইভ, সিডি, হাই ডেফিনিশন ভিডিও ক্যামেরা, ডিজিটাল কম্প্যাক্ট ক্যামেরা এবং ভারতীয় রুপি, সিঙ্গাপুরি ডলার ও মালয়েশিয়ান রিঙ্গিত পাওয়া গেছে। তাঁদের তিনজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।
সহকারী পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে অবশ্যই তাঁদের কোনো হয়রানি করা হবে না।