বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর প্রশাসনকে না জানিয়ে ত্রাণ বিতরণকারী একটি বিদেশি সংস্থার প্রতিনিধি ও তাঁর স্থানীয় সহযোগীদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গত শনিবার ভোরে তুরস্কের একজন নাগরিকের উপস্থিতিতে ত্রাণ বিতরণের পর গা ঢাকা দেওয়ায় তাঁদের (স্থানীয় সংগঠক) খুঁজে পাওয়া যাচ্ছে না বলে গতকাল মঙ্গলবার জানান নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাফায়েত মোহাম্মদ শাহেদুল ইসলাম বলেন, ‘ইনসামা ইয়ারদিনলাফ তুর্কিয়ে নামের সংস্থার লোকজনের ভোরের দিকে ত্রাণ বিতরণের বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রশাসনকে না জানিয়ে ত্রাণ বিতরণ এবং বিতরণের পর স্থানীয় সহযোগীদের নিয়ে গা ঢাকা দেওয়ার বিষয়টি রহস্যজনক। তাঁদের উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না।’
বাইশারী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আনিসুল ইসলাম জানিয়েছেন, গোলাম মোস্তফাসহ স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তুর্কি সংস্থাটি বাইশারী বালিকা মাদ্রাসার মাঠে ত্রাণ বিতরণ করে। ফজরের নামাজ পড়ে আসা মুসল্লিদের কাছে সংবাদ পাওয়ার পর সেখানে পৌঁছার আগেই একজন বিদেশি নাগরিকসহ ত্রাণ বিতরণের জন্য তাঁর স্থানীয় সহযোগীরা গা ঢাকা দেন। তবে মাঠে পাওয়া চাল, ডাল, তেলসহ বিভিন্ন সামগ্রীর ১৫টি বস্তা ত্রাণ আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবুল খায়ের বলেন, ‘ভোরে ত্রাণ বিতরণের জন্য আসা ওই বিদেশি তুরস্কের নাগরিক বলে জানা গেছে। তবে তাঁর নাম পাওয়া যায়নি। ত্রাণ বিতরণের সময় তিনি ইংরেজিতে বলেছেন “যারা মুসলমান এবং নিয়মিত নামাজ পড়েন, তাঁদের জন্য তুরস্ক থেকে ত্রাণ আনা হয়েছে। আপনারা তুরস্ক ও তুরস্কের মুসলমানদের জন্য দোয়া করবেন।” এরপর কয়েকজনের হাতে ত্রাণ দিয়ে ক্যামেরায় ছবি তুলে তিনি দ্রুত চলে যান। এখন স্থানীয় সহযোগীরাও গা ঢাকা দেওয়ায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’
বাইশারী ইউপির চেয়ারম্যান মনিরুল হক বলেন, ‘ত্রাণ বিতরণ নিষিদ্ধ কোনো বিষয় নয়। কিন্তু রহস্যজনকভাবে দিনে না দিয়ে খুব ভোরে ত্রাণ বিতরণ করা হয়েছে।’ ত্রাণ পাওয়া কিছু লোক স্থানীয় হলেও বেশির ভাগই রোহিঙ্গা বলে তিনি জানান।
বিজিবি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসান মোর্শেদ বলেন, ওই সংস্থাটি দোছড়ি, চাকধালাসহ আরও কয়েকটি স্থানে ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছিল। কিন্তু পুলিশ ও বিজিবি যাওয়ার খবর পেয়ে ত্রাণ বিতরণ করেনি। এ জন্য সম্ভবত বাইশারীতে বিজিবি-পুলিশ ও প্রশাসন জানার আগে ভোরে ত্রাণ বিতরণ করেছে। বিষয়টি রহস্যজনক।