নাইক্ষ্যংছড়িতে ১৫০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় গত শুক্রবার বিকেলে পুলিশের ওপর হামলার দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের শুক্রবার রাতে দায়ের করা ওই মামলায় উপজেলা ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান, সহসভাপতি নুরুল আবছার, উপজেলা জামায়াতের আমির রফিক আহমদসহ ২৬ জনসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে বিএনপি-জামায়াতসহ ১৮ দলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সদরে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি পুরাতন বাসস্টেশন থেকে ঘুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় অতিক্রমের সময় পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালায় এবং ইটপাটকেল ছুড়ে মারেন। এতে ওসি রফিকুল ইসলাম, কনস্টেবল লিটন দাশ, তোফায়েল আহমদ ও মোকাম্মেল হোসেন আহত হন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা ১৮ দলীয় সংগ্রাম কমিটির সভাপতি ও বিএনপির নেতা উফেছা মার্মা বলেন, ‘পুলিশ আমাদের ওপর হামলা চালিয়ে অন্তত ১০ জন নেতা-কর্মীকে আহত করেছে। এখন মিথ্যা মামলা দিয়ে আরও দেড় শতাধিক নেতা-কর্মীকে এলাকাছাড়া করা হলো।’