নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে আগুন
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে আগুনে পুড়ে ছাই হচ্ছে গাছপালা, খেতের ফসল। গত মঙ্গলবার রাতে মিয়ানমারের পাহাড় থেকে ওই আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে উপজেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছেন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বিজিবি সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরের পাহাড়ে আগুন ছড়িয়ে পড়ায় দ্রুত কিছু করা যাচ্ছে না। প্রায় সাত কিলোমিটার পায়ে হেঁটে ঘটনাস্থলে যেতে হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম প্রথম আলোকে জানান, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত নাইক্ষ্যংছড়ির পাঁচ হাজার একরের বেশি বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। এতে হাজার হাজার গাছপালা, সবজিখেত পুড়ে ছাই হচ্ছে। দমকা হাওয়ায় এই আগুন দাবানলের আকৃতি ধারণ করে ছড়িয়ে পড়ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দুর্গত এলাকায় পৌঁছালেও দুর্গম পাহাড়ে উঠতে না পারায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, শুষ্ক মৌসুমে বনের গাছপালা থেকে ঝরে পড়া শুকনো পাতায় দ্রুত আগুন ছড়াচ্ছে দমকা হাওয়া। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে।
আমতলী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল বারিক জানান, আগুন ছড়িয়ে পড়ায় আমতলী ও তুয়াইংগা ঝিরি বিজিবি ক্যাম্প দুটি ঝুঁকিতে রয়েছে। আগুন দুটো ক্যাম্পের কাছাকাছি চলে এসেছে।