নাইক্ষ্যংছড়ির দেড় হাজার মানুষ পেল স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের প্রায় দেড় হাজার দুস্থ লোক গতকাল মঙ্গলবার বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পেয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় সেনাবাহিনীর চিকিৎসক দল এই চিকিৎসাশিবিরের আয়োজন করে।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা গেছে, বাইশারী উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
চিকিৎসাশিবিরে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবার পাশাপশি রোগীদের দাঁত, শিশুস্বাস্থ্য, প্রসূতিসেবা, রক্তের গ্রুপিং, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ের ওপর পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ সাইফুদ্দিন, মেজর আবু রাসেল সিদ্দিকী, মেজর আজমেরী হোসেন, ক্যাপ্টেন হারুন-অর-রশিদ, ক্যাপ্টেন মমতা শারমিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম প্রমুখ। নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান মোরশেদ জানান, সীমান্ত প্রতিরক্ষা নিশ্চিতের পাশাপাশি বিজিবি শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের পর এখন স্বাস্থ্যসেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম চালাচ্ছে। সেনাবাহিনীর সহযোগিতায় এ কর্মসূচি অব্যাহত রাখা হবে।