নাইক্ষ্যংছড়ির বাইশারি বিস্ফোরণে পুলিশ সদস্য আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি বাজারের একটি দোকানে গতকাল বুধবার রাতে বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
বাইশারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বলেন, বাইশারি বাজারের একটি দোকানে (আজিজ কুলিং কর্নার) গত রাত পৌনে নয়টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ওই সময় সেখানে বাইশারি পুলিশ তদন্ত কেন্দ্রের দুজন উপসহকারী পরিদর্শক ও দুজন কনস্টেবল বসে ছিলেন। বিস্ফোরণে মাকসুদুল করিম নামে একজন কনস্টেবলের পায়ে জখম হয়েছে।
পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন গত রাত সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিস্ফোরণের স্থানে মাটিতে পুঁতে রাখা একটি বৈদ্যুতিক তার পাওয়া গেছে। ওই তারের আরেক মাথা ৫০-৬০ ফুট দূরে। তারটি নালার ভেতর দিয়ে টানা হয়েছে। তারের মাথায় দুটি পোঁটলা রয়েছে। বোমা সন্দেহ তা ঘিরে রাখা হয়েছে।
বাইশারি ইউপি চেয়ারম্যান মনিরুল হক বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। তিনি বলেন, গতকাল বাইশারি বাজারে হাটবার ছিল। ওই দোকানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আড্ডা দেন। এ জন্য সেখানে বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে।
জানতে চাইলে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, কী কারণে বা উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।