নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহারে হামলার ঘটনায় করা মামলায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদকে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ একই সঙ্গে তাঁর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করা হয়েছে৷
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ গতকাল সোমবার এ আদেশ দেন৷ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক৷ তোফায়েলের পক্ষে ছিলেন আইনজীবী মকবুল হোসেন৷
একরামুল হক প্রথম আলোকে বলেন, আদালত তোফায়েলকে চার সপ্তাহের মধ্যে কক্সবাজারে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন৷ এর মধ্যে আত্মসমর্পণ না কলে তাঁকে গ্রেপ্তার করা যাবে৷
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর রামু উপজেলার চেরংগাটা সাচাচিং মন্দির ও রামু মৈত্রী বিহারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়৷ এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রামু থানায় মামলা করে৷ তদন্ত শেষে ২০১৩ সালের ২২ ডিসেম্বর তোফায়েল আহমেদসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়৷ তোফায়েলের বিরুদ্ধে ওই ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়৷