নাইক্ষ্যংছড়ি উপজেলা সমন্বয় সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল সোমবার পণ্ড হয়ে গেছে। ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ জামিলের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্ব্যবহার করার অভিযোগ এনে জনপ্রতিনিধিরা সভায় উপস্থিত না হওয়ায় তা পণ্ড হয়ে যায়।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আবছর বলেন, গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা ছিল। কিন্তু তিনিসহ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা এবং অন্য জনপ্রতিনিধিরা বর্জন করায় সভাটি পণ্ড হয়ে যায়।নুরুল আবছর অভিযোগ করেন, নাইক্ষ্যংছড়িতে যোগদানের পর থেকে ইউএনও আহমেদ জামিল জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।ঘুমধুম ইউপির চেয়ারম্যান দীপক বড়ুয়া অভিযোগ করেন, ২ জুলাই সকালে ইউএনও ধুমধুম ইউপি কার্যালয় পরিদর্শনে এসে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সামনে তাঁকে (চেয়ারম্যান) ‘তুই-তুকারি’ সম্বোধন করেন এবং ‘বেয়াদব’ শব্দ ব্যবহার করেন। এর আগেও একাধিকবার তিনি এ রকম অসদাচরণ করেছেন। তাই তাঁরা গতকালের সমন্বয় সভা বর্জন করেছেন।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ইউএনও আহমেদ জামিল বলেন, অসুস্থতা ও মামলায় হাজিরার কারণে গতকাল দুজন চেয়ারম্যান (সদর ও বাইশারী) সভায় আসতে পারেননি। অপর দুজন চেয়ারম্যান কেন আসেননি, তা তিনি জানেন না। এ কারণে উপজেলা মাসিক সমন্বয় সভাটি হয়নি। এই সভা ঈদের পরে হবে। দুর্ব্যবহার ও অসদাচরণের অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেন, ‘ঘুমধুমের চেয়ারম্যান এ রকম মিথ্যা অভিযোগ তুলে বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে লেখালেখি করছেন। অন্য জনপ্রতিনিধি বা কারও সঙ্গে দুর্ব্যবহারের নজির নেই।’