নাইক্ষ্যংছড়ি উপনির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের উপনির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। পাশাপাশি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনটি আগামী ২ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

আজ রোববার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। এর ফলে ওই ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠানে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

ঘোষণা অনুসারে, গত বছরের ৩১ অক্টোবর ওই উপনির্বাচন হওয়ার দিন ধার্য ছিল। এর বিরুদ্ধে সেখানকার বাসিন্দা আলী হোসেন হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট রুল দেওয়ার পাশাপাশি নির্বাচনের কার্যক্রম স্থগিত করেন। এ আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী আপিল বিভাগে আবেদনটি করেন। আজ এ আবেদনটি শুনানির জন্য ওঠে।

আদালতে তসলিম ইকবালের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। অন্য পক্ষে ছিলেন আইনজীবী মৃণাল হোসেন।