নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির জঙ্গিবাদবিরোধী সমাবেশ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে গতকাল রোববার দুপুরে জঙ্গিবাদবিরোধী সমাবেশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘুমধুম ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. তানভীর আলম খান। ১৭ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তুমব্রু বিওপি এই সভার আয়োজন করে।
সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, উপ-অধিনায়ক মেজর আবুল খায়ের, নাইক্ষ্যংছড়ির ইউএনও এ এস এম শাহেদুল ইসলাম, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ প্রমুখ।
মেজর আবুল খায়ের প্রথম আলোকে বলেন, তুমব্রু সীমান্তের লোকজনকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদসহ দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতন ও সতর্ক করতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন, মানব পাচারকারী দালাল চক্রকে শনাক্ত করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চান বিজিবির কর্মকর্তারা।