নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে আবারও বিস্ফোরণ, নিহত ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ও রেজু আমতলি সীমান্তে ওপারে গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে আবারও বিস্ফোরণে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। রেজু আমতলি সীমান্তের ওপারে বিস্ফোরণের ঘটনাস্থলে তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে শোনা গেছে বলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় বলা হয়েছে সীমান্তের পরিস্থিতি শান্ত রয়েছে। প্রায় ২০ হাজার রোহিঙ্গারা শূন্যরেখায় আশ্রয় নিলেও এ যাবৎ আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনজনিত কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উখিয়ায় সরিয়ে নেওয়ার জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী তালিকা তৈরির কাজ গতকাল রোববার থেকে শুরু হয়েছে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের প্রতিনিধি মেজর শফিকুর রহমান, সিভিল সার্জন অংসুইপ্রু মারমা, আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তারা ও রাজনৈতিক নেতারা।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সারোয়ার কামাল বলেছেন, গতকাল শনিবার রাতে ঘুনধুম ইউনিয়নের রেজু আমতলি সীমান্তের ওপারে আইইডি বিস্ফোরণে ইউছুপ নবী (৪৫) নামে আহত একজনকে নিয়ে আসা হয়েছেন। তাঁর বিস্ফোরণের আঘাতে তাঁর পা একটি পা উড়ে গেছে। তিনি রেজু আমতলিপাড়ায় বসবাস করেন। আজ তুমব্রু ও বাইশফাড়ির মাঝামাঝি স্থানে আরেকটি বিস্ফোরণে মোহাম্মদ হাসান (৩২) নামের আরেকজন আহত হয়েছেন। তাঁদের দুজনকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘুনধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, আইইডি বিস্ফোরণে আহত দুজনের মধ্যে রেজু আমতলির সীমান্তের ওপারে আহত ইউছুপ নবীর কুতুপালং শরণার্থীশিবিরের হাসপাতালে মৃত্যু হয়েছে।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানিয়েছেন রেজু আমতলি সীমান্তের ওপারে গত শনিবার রাতে বিস্ফোরণে একজন আহত ছাড়াও আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে শোনা গেছে। কিন্তু লাশ ও নাম না পাওয়ায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
সেনাবাহিনীর বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের প্রতিনিধি মেজর শফিকুর রহমান জানিয়েছেন, সীমান্তের পরিস্থিতি বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের অংশে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সমস্যা সৃষ্টি হয়নি।