নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে আবারও বিস্ফোরণ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনো আসছে রোহিঙ্গারা। বাঁশে ঝোলানো চেয়ারে বসে স্বজনদের কাঁধে চেপে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গতকাল টেকনাফে এসে পৌঁছান বৃদ্ধ আবুল হাশিম l ছবি: আশরাফুল আলম
এখনো আসছে রোহিঙ্গারা। বাঁশে ঝোলানো চেয়ারে বসে স্বজনদের কাঁধে চেপে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গতকাল টেকনাফে এসে পৌঁছান বৃদ্ধ আবুল হাশিম l ছবি: আশরাফুল আলম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আশারতলির সীমান্তের ওপারে গতকাল সোমবার রাতে আবারও এক রোহিঙ্গা দম্পতি স্থলমাইন (ইমপ্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে স্বামী মুক্তার আহমদ (৪৫) নিহত ও স্ত্রী সাজেদা বেগম আহত হয়েছেন। দম্পতির চার ছেলেময়ে রয়েছে।
নিহত মুক্তার আহমেদের লাশ আজ মঙ্গলবার আশারতলির সীমান্তের শূন্যরেখার সাপমারাঝিরি আশ্রয়শিবিরের এলাকায় দাফন করা হয়েছে বলে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আলী হোসেন নিশ্চিত করেছেন।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাসলিম ইকবাল চৌধুরী বলেছেন, রোহিঙ্গারা রাত-দিন প্রতিনিয়ত সীমান্তের দিকে ছুটে আসছেন। মুক্তার আহমদ স্ত্রী-ছেলেমেয়ে নিয়ে রাত নয়টার দিকে ৪৫ ও ৪৬ সীমান্ত পিলারের মাঝামাঝি হয়ে আসছিলেন। সীমান্তের কাছাকাছি এলে আকস্মিক বিস্ফোরণ ঘটে। তিনি মারাত্মক আহত হন এবং সেখান থেকে তাঁকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাঁর স্ত্রী সাজেদা বেগমও আহত হয়েছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) আবু জাফর মো. ছলিম রাত সাড়ে ১২টার দিকে মুক্তার আহমদ ও সাজেদা বেগমকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। মুক্তার আহমদকে জরুরি চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী সাজেদা বেগম আহত হয়েছেন। এ জন্য প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সীমান্ত এলাকার লোকজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ঈদের দিন (২ সেপ্টেম্বর) থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে এবং বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেওয়া ও আশ্রয় নিতে আসা দুই নারীসহ আটজন রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশুসহ পাঁচজন।
বিজিবি নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আজিম বলেছেন, সীমান্তের ওপারে মিয়ানমারের ভূখণ্ডে বিস্ফোরণ হয়েছে বলে তাঁরা শুনেছেন।