নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখার ওপারে বিস্ফোরক পোঁতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন শূন্যরেখার কাছে মিয়ানমার অংশে মাটিতে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে বলে দাবি করেছেন পালিয়ে আসা রোহিঙ্গারা। তাঁদের দাবি, ঘুনধুম থেকে আশারতলী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সীমান্তের মিয়ানমার অংশে রোহিঙ্গাদের যাতায়াত রয়েছে এমন এলাকায় মাটিতে বিস্ফোরক পোঁতা আছে। সীমান্ত এলাকায় চলাচল করতে গিয়ে গত সপ্তাহে বিস্ফোরণে দুই শিশুসহ তিনজন আহত হয়। তাদের একজন পরে বাংলাদেশে মারা গেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তুমব্রু সীমান্তে একটি অস্থায়ী রোহিঙ্গা আশ্রয় শিবিরে যান এই প্রতিবেদক। সেখানে ১ হাজার ৪৫০টি পরিবার রয়েছে। শিবিরে থাকা রোহিঙ্গা নারী-পুরুষেরা বলেন, মাটিতে পুঁতে রাখা বিস্ফোরকের আঘাতে গত এক সপ্তাহে আহত দুটি শিশু ও এক নারীকে সীমান্তের এপারে (বাংলাদেশ) আনা হয়। পরে তাদের কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাবেকুন্নাহার নামের আহত ওই নারীর মৃত্যু হয়।

নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আজিম বলেন, গত ২৯ আগস্ট থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের সঙ্গে কোনো যোগাযোগ না থাকায় তাদের অংশের পরিস্থিতি সম্পর্কে কিছু জানা যাচ্ছে না। সীমান্তে বিস্ফোরক পুঁতে রাখার বিষয়টি তাঁরাও শুনেছেন। এ ব্যাপারে কূটনৈতিক মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে।

মিয়ানমারে বুচিডং থেকে তুমব্রু সীমান্তে রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া নুর আলম বলেন, তিন দিন আগেও তিনি সীমান্তের ওপারে তাঁর ঘরবাড়ি দেখে এসেছেন। মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ভয়ে এখন আর যাচ্ছেন না।

নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকা সম্প্রতি পরিদর্শন করেছেন মানবাধিকারকর্মী মো. নূর খান। তিনি প্রথম আলোকে বলেন, সীমান্ত অতিক্রম করার সময় বিস্ফেরণে গত সপ্তাহে এক ব্যক্তি মারা গেছেন। আরেকজন পা হারিয়েছেন। আঘাতের ধরন দেখে তাঁদের মনে হয়েছে, ল্যান্ড মাইন বা এ জাতীয় কিছুর বিস্ফোরণে ওই ব্যক্তি পা হারিয়েছেন। তিনি বলেন, মাটিতে ল্যান্ডমাইন বা ওই জাতীয় কোনো বিস্ফোরক পুঁতে রাখার কারণ যাতে রোহিঙ্গারা আর মিয়ানমারে ফিরে যেতে না পারে।