নাইক্ষ্যংছড়িতে আ.লীগের অফিসে জামায়াত-শিবিরের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জামায়াত-শিবির গতকাল রোববার আওয়ামী লীগের অফিস ও দোকানপাটে হামলা করেছে। আবারও হামলার আশঙ্কায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে স্থানীয়রা বলেছেন। পার্শ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া থেকে অতর্কিতে মিছিলসহকারে এসে জামায়াত-শিবির হামলার ঘটনা ঘটিয়েছে বলে প্রশাসন ও স্থানীয় লোকজন জানিয়েছেন। বিকেল পাঁচটায় নাইক্ষ্যংছড়িতে এ হামলার ঘটনা চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার জরুরি আইনশৃঙ্খলা সভা চলছিল। এদিকে চার দিন ধরে বান্দরবান-কেরানীহাট সড়ক বন্ধ থাকায় জেলা শহরের সঙ্গে চট্টগ্রামে যানবাহন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। কেরানীহাটে সড়ক অবরোধকারী জামায়াত-শিবির দুই দিন ধরে কোনো সংবাদপত্রও আসতে দিচ্ছে না বলে এজেন্ট ও হকাররা জানিয়েছেন।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল বলেছেন, বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের পার্শ্ববর্তী রামু গর্জনিয়া থেকে মিছিল আসার বিষয়টি তাদের জানা ছিল না। মিছিলটি এসে আওয়ামী লীগের অফিসের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। একটি যাত্রীবাহী বাস ও বাজারের কয়েকটি দোকানেও হামলা চালানো হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেছেন, অতর্কিতে আসা মিছিল চলে যাওয়ার পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আবারও মিছিল ও হামলার আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিজিবিকে সতর্ক রাখা হয়েছে বলে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম জানিয়েছেন।