বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আবারও ভূমি ইজারা-প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই প্রক্রিয়া বাতিলের দাবিতে গতকাল রোববার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠে স্থানীয় আদিবাসী ও বাঙালিরা সমাবেশ করেছেন।অবিলম্বে দেওয়া ভূমি ইজারা ও বর্তমানে চলমান ইজারা-প্রক্রিয়া বাতিলে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেন।উপজেলার রেজু ও ঘুনধুম এলাকাবাসীর ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন দোছড়ি মৌজার হেডম্যান মংনুচিং মারমা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় ভূমিবিষয়ক সম্পাদক চিংহ্লামং চাক, যুববিষয়ক সম্পাদক বিধায়ক চাকমা, নিহ্লামং মারমা, কিনা মোহন কার্বারী, সুনীল তঞ্চঙ্গ্যা প্রমুখ।বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চুক্তির পর থেকে তিন পার্বত্য জেলায় সরকারি নির্দেশে ভূমি হস্তান্তর-প্রক্রিয়া বন্ধ রয়েছে। কিন্তু বহিরাগত ভূমিদস্যুরা রাবার স্ট্যান্ডিং কমিটি ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে সরকারি ওই আদেশ উপেক্ষা করছে। তারা রাবার, হর্টিকালচার ও পর্যটনের নামে স্থানীয় আদিবাসী ও বাঙালিদের জমি দখল করে তাঁদের উচ্ছেদের ষড়যন্ত্র করছে।প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বক্তারা বলেন, গত মাসে অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বহিরাগত ২২ জনের প্রত্যেককে ২৫ একর করে জমি ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত পার্বত্য চট্টগ্রাম রাবার স্ট্যান্ডিং কমিটি জেলা প্রশাসকের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু করে। বক্তারা বলেন, ইউএনও গত ২৭ অক্টোবর ২৬৮ নম্বর রেজু মৌজার হেডম্যান ও উপজেলা সার্ভেয়ারকে দেওয়া চিঠিতে জরুরিভিত্তিতে ২২টি রাবার প্লটের মানচিত্র (স্কেচম্যাপ) তৈরির নির্দেশ দিয়েছেন।রেজু মৌজার রবীন্দ্র তঞ্চঙ্গ্যা কার্বারী (পাড়াপ্রধান) প্রথম আলোকে বলেন, এই মৌজায় কোনো খাসজমি নেই। এখানে জমি ইজারা দেওয়া হলে শত শত আদিবাসী ও বাঙালি পরিবার উচ্ছেদ হবে। স্থানীয় লোকজনের স্মারকলিপি দেওয়ার সত্যতা নিশ্চিত করে ইউএনও শামীম সোহেল গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভূমি ইজারার প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়টি তাঁর জানা নেই। সাবেক ইউএনও শেখ ছালেহ আহাম্মদ বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো চিঠির ভিত্তিতে সার্ভেয়ার ও মৌজার হেডম্যানকে জমির মানচিত্র দেওয়ার কথা বলা হয়েছে। ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে, তা সঠিক নয়। জেলা প্রশাসকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।