নাইক্ষ্যংছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় গত বুধবার রাতে এক আদিবাসী কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই কিশোরী বৌদ্ধবিহারের মহড়ার মাঠে ঐতিহ্যবাহী শবনৃত্যের মহড়া শেষে বুধবার রাতে বাড়ি ফিরছিল। বাড়িতে পৌঁছার আগে জসীম উদ্দীন (২৫) নামের এক ব্যক্তি তাকে ধরে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করেন।
কিশোরীর পারিবারিক সূত্র জানায়, কিশোরীকে খুঁজে না পেয়ে পাড়াবাসী রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন। এ সময় পাড়ার পশ্চিম পাশে কান্নারত অবস্থায় কিশোরীকে পাওয়া যায়। বিষয়টি বাইশারী পুলিশ ফাঁড়িকে জানানো হলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে জসীমকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জসীমকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, জসীম ধর্ষণের মামলায় কয়েক মাস আগে কারাগার থেকে জামিনে বের হয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও বাইশারী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়ার সময় জসীমকে গ্রেপ্তার করা হয়েছে।