রামুর বৌদ্ধপল্লিতে হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গ্রেপ্তার ২১ জনকে গতকাল শনিবার কক্সবাজার পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার মোট ৩৩ জনের মধ্যে আরও নয়জনকে কক্সবাজারে নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।বিজিবি ও পুলিশ জানায়, ২৯ সেপ্টেম্বর হামলার রাত দুইটায় বিজিবি রামু থেকে ফেরার পথে একটি বাস ও তিনটি মোটরসাইকেলের ৩৭ জনকে আটক করেছিল। পরিচয় পেয়ে তিনজনকে বিজিবির উপস্থিতিতে ছেড়ে দেওয়ার পর নাইক্ষ্যংছড়ি পুলিশ ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়েছে ৩৩ জনকে। মঞ্জুর আলম নামের একজনকে অসুস্থ দেখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি যেকোনো সময় আদালতে ও থানায় হাজির হবেন অঙ্গীকার দিয়েছেন বলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন। বান্দরবানের আদালত পুলিশের পরিদর্শক মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, নাইক্ষ্যংছড়ি পুলিশ ৩৩ জনকে আদালতে হাজির করেছে। এর মধ্যে দুজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় আদালত জামিন মঞ্জুর করেন। কক্সবাজারের রামু থানা-পুলিশ চারটি মামলায় ৩৩ জন থেকে ৩২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে। কক্সলাইন বাসের চালক লাটু বড়ুয়া আপাতত ৫৪ ধারায় আটক রয়েছেন। তাঁকে রামুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তাঁর ব্যাপারে ১৫ অক্টোবর আদালতে হাজিরের সময় বলা যাবে বলে তিনি মন্তব্য করেন।বান্দরবান জেলা কারাগারের জেলার আবু নূর মোহাম্মদ গতকাল শনিবার ২১ জনকে কক্সবাজারে পাঠানোর কথা স্বীকার করে বলেছেন, সেখানে সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ জন্য সবাইকে সেখানে নেওয়া হবে। প্রসঙ্গত, বিজিবি রামুর দিক থেকে আসার পথে গ্রেপ্তার করলেও নাইক্ষ্যংছড়ি পুলিশ গর্জনিয়া থেকে রামুর দিকে যাওয়ার সময় আটক করা হয়েছে মর্মে তথ্য দেওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, নাইক্ষ্যংছড়িতে গ্রেপ্তার সবাইকে হামলার ঘটনায় আসামি করা হয়েছে। তাদের কক্সবাজারে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে।