বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমারের সীমান্তবর্তী গ্রাম তুমব্রু বাজারে গত বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে চারটি শিশুকে উদ্ধার করেছেন। এ সময় শিশু পাচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।উদ্ধার হওয়া শিশুরা হলো: তুমব্রু গ্রামের মো. ইকবাল (১০), মো. নজরুল (১১), নূর হোসেন (১১) ও আবুল কাশেম (১১)।বিজিবির তুমব্রু সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মো. আশরাফ জানান, চাকরির প্রলোভন দেখিয়ে চারটি শিশুকে একটি মাইক্রোবাসে করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে শিশু পাচারের অভিযোগে টেকনাফ উপজেলার হোয়াইক্যং গ্রামের শামসুল আলম (৪৫), নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোলাল পাড়ার আবু তাহের (২৫), টেকনাফের জাদীমুরা গ্রামের মো. আবদুল্লাহ (২২) এবং একই গ্রামের নুরুল আলমকে (৩০) আটক করা হয়। সন্ধ্যায় তাঁদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।আটক শামসুল আলম নাইক্ষ্যংছড়ি থানায় সাংবাদিকদের জানান, তাঁরা শিশু পাচারকারী নন। চাকরির জন্য তুমব্রু গ্রাম থেকে চারটি শিশুকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল।নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবু সাঈদ মো. আবুল কালাম আজাদ জানান, উদ্ধার হওয়া চারটি শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া চার ব্যক্তির ব্যাপারে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।