নাইক্ষ্যংছড়িতে ছুরিকাঘাতে শিক্ষক নিহত, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর বড়বিল গ্রামে গত রোববার রাত সাড়ে ১০টায় দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকে (৩৮)।মোহাম্মদ শফি নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু হ্যাডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রাবারবাগানের জমির বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করছে নিহত ব্যক্তির পরিবার।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রোববার রাতে মোহাম্মদ শফি কয়েকজন প্রতিবেশী নিয়ে নাইক্ষ্যংছড়ি সদর থেকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাঁরা উত্তর বড়বিল বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত হামলা চালায় এবং একপর্যায়ে ছুরিকাঘাতে মোহাম্মদ শফিকে হত্যা করে। তাঁকে রক্ষা করতে গিয়ে সঙ্গে থাকা প্রতিবেশী জসিম উদ্দিন (২৫), জামাল (৩০) ও শামসুল আলম (৪০) আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।নিহত ব্যক্তির স্ত্রী রুমা আকতার বলেন, শফির চাচা মঞ্জুর আলমের সঙ্গে রাবারবাগানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে পরিকল্পিতভাবে শফিকে হত্যা করা হয়েছে।এ ব্যাপারে রুমা আকতার বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এর সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ ফাঁড়ির আইসি উপপরিদর্শক (এসআই) কাজী বাচ্চু বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গতকাল মঞ্জুর আলম (৫৫) ও তাঁর ছেলে জাহিদ আলমকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।