নাইক্ষ্যংছড়িতে তালিকাভুক্ত হয়েছে ১৫ হাজার রোহিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। প্রথম আলো ফাইল ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। প্রথম আলো ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের অস্থায়ী আশ্রয়শিবিরে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়ে রয়েছে। এর মধ্যে এ পর্যন্ত মাত্র ১৫ হাজার রোহিঙ্গাকে তালিকাভুক্ত করা সম্ভব হয়েছে। সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে এ পর্যন্ত নয়জন নিহত ও ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে একজন বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছে।

আজ মঙ্গলবার বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপার পৃথক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্পর্কে সর্বশেষ তথ্য ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে তাঁরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

সকাল ১০টায় প্রথমে জেলা প্রশাসকের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার কামরুজ্জামান, সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের প্রতিনিধি মেজর শফিকুর রহমান, সিভিল সার্জন অংসুইপ্রু মারমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, ঘুনধুম ইউনিয়নের তুমব্রু কোনাপাড়া, জলপাইতলি ও পাহাড়পাড়ায়, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বড়শণখোলা, সাপমারাঝিরি ও ফুলতলি—ছয়টি স্থানে মোট ৯ হাজার ১৭৩টি পরিবারের ৫০ হাজার ৫০০ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এর মধ্যে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ও ঘুনধুমের পাহাড়পাড়ার ৮০০ পরিবারসহ ২ হাজার ৭৭৩ পরিবারের ১৫ হাজার ৫০০ রোহিঙ্গাকে নিবন্ধন করা হয়েছে। ঘুনধুম ইউনিয়নে অধিকাংশই এখনো নিবন্ধন হয়নি। সেখানে বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়পাড়ায় প্রায় ৪ হাজার পরিবারে ২০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। শরণার্থী ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার জন্য তাঁদের গত রোববার থেকে উখিয়ায় সরিয়ে নেওয়া হচ্ছে। জেলা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে বলেও জেলা প্রশাসক জানিয়েছেন।

পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেছেন, সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে ৯ জন নিহত ও ১০ জনের আহত হওয়ার ঘটনার পর এখন আর বিস্ফোরণ হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।