নাইক্ষ্যংছড়িতে পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ও ঘুমধুম ইউনিয়নের দুটি দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তায় কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার সকালে নাইক্ষ্যংছড়ি সদরে ৩১ বিজিবি ব্যাটালিয়নে মতবিনিময়কালে এ কথা জানান বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আযীম। তিনি বলেন, পূজামণ্ডপে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৩১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শফিকুর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সবুজ শর্মা, সাধারণ সম্পাদক কিরণ দাশ প্রমুখ।
ইউএনও শাহেদুল ইসলাম বলেন, পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সবুজ শর্মা বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব বিজিবি নেওয়ায় আমরা খুশি।’