বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গতকাল শনিবার প্রথম আলো পড়তে পারেননি পাঠকেরা। কারণ, স্থানীয় যুবলীগ নেতা জহির আহমদের অবৈধ ইটভাটাসংক্রান্ত প্রতিবেদন ছাপা হয়েছিল। এ কারণে প্রথম আলোর সব কপি কিনে নিয়ে গায়েব করা হয়েছে। এতে পাঠকেরা ক্ষুব্ধ।
গতকাল প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘নাইক্ষ্যংছড়ির জঙ্গলে যুবলীগ নেতার অবৈধ ইটভাটা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। স্থানীয় সাংবাদিক শামীম ইকবাল চৌধুরী ও হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, তাঁরা প্রথম আলোর নিয়মিত পাঠক। কিন্তু গতকাল তাঁরা প্রথম আলো পড়তে পারেননি।
সংবাদপত্র বিক্রয়কেন্দ্র নিউজ কর্নারের মালিক ইফসান খান বলেন, গতকাল তিনি ১৩৫ কপি প্রথম আলো সরবরাহ পান। কিন্তু একটি অবৈধ ইটভাটার ছবিসহ সংবাদ থাকায় কয়েকজন ব্যক্তি বেশি টাকা দিয়ে হকারের কাছ থেকে প্রথম আলোর সব কপি কিনে নেয়। পরে পাঠকের চাহিদা পূরণ করতে তিনি পাশের রামু সদর থেকে ১০ কপি প্রথম আলো কিনে আনেন। এরপর আরও দেড় শতাধিক পাঠকের কাছে ওই সংবাদের ফটোকপি বিক্রি করেন।