ভারী বর্ষণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের মহেশখালীতে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুমে গতকাল বুধবার দুপুরে পাহাড়ধসে এক নারী নিহত ও তাঁর মেয়ে আহত হয়েছেন। একই সময়ে কক্সবাজারের ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা এলাকায় পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে তিনটি বাড়ি। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীর বলেন, উপজেলার ঘুনধুম ইউনিয়নের আজুখাইয়া ফকিরপাড়ায় গতকাল দুপুরে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে মাটির নিচে চাপা পড়ে চেমন খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। চেমন খাতুনের মেয়ে আমেনা খাতুনকে (৩০) মারাত্মক আহত অবস্থায় মাটিচাপা থেকে উদ্ধার করা হয়েছে।
ওসি তৌহিদ কবীর বলেন, পাহাড়ধসের পাশাপাশি বন্যাও হয়েছে উপজেলায়। বন্যায় রাস্তাঘাট ও গ্রাম ডুবে গেছে এবং থানায়ও পানি উঠেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলী আকবর বলেন, ঘুনধুমে পাহাড়ধসে মৃত চেমন খাতুনের পরিবারের জন্য ২০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে।
এদিকে গতকাল বেলা একটায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা এলাকায় পাহাড়ধসে তিনটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ওই তিনটি ঘরের বাসিন্দারা।
ভূমিধসে ঘর হারানো মোহাম্মদ রশিদ (৪৫), মোহাম্মদ শফি আলম (৪২) ও শাইর খাতুন (৫০) বলেন, দুপুরে হঠাৎ পাহাড়ের ওপর থেকে ঘরের মধ্যে মাটি ধসে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে ঘর থেকে পরিবারের সদস্যরা বের হয়ে যায়। ৮-১০ মিনিট পরে পাহাড়ধসে তিনটি বাড়ি চাপা পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল আলম। তিন পরিবারসহ প্রশাসন সেখান থেকে আরও চারটি পরিবারকে সরিয়ে নেয়।
মহেশখালীর ইউএনও মোহাম্মদ আবুল কালাম বলেন, গৃহহারা তিন পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। আর দুর্ঘটনা এড়াতে ওই পাহাড়ের পাদদেশ থেকে আরও চারটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়।