নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণ, শ্রমিকের মৃত্যু
নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণ, শ্রমিকের মৃত্যু
স/
ওকে/পার্থ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের ডলুঝিরি গ্রামে আজ রোববার সকালে বন্য হাতির আক্রমণে একজন রাবারবাগান শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুস সোবহান (৫৫)। তাঁর বাড়ি ডলুঝিরি গ্রামে।
নিহত সোবহানের স্ত্রী পারভিন আক্তার বলেন, সাহ্রি খেয়ে ভোর চারটার দিকে ফজরের নামাজ পড়ার কথা বলে স্বামী বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী রাবারবাগানে যান। তিনি ওই রাবারবাগানের শ্রমিক। এরপর রাবারবাগানে গিয়ে ঘুমন্ত শ্রমিকদের নামাজের জন্য তুলে দেন। এমন সময় সাতটি বন্য হাতির দল শ্রমিকদের ওপর আক্রমণ করে। এতে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে সোবহানের মৃত্যু হয়েছে।
বাইশারি পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু মুসা বলেন, হাতির আক্রমণেই আবদুস সোবহানের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।