নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে একজন রাবারবাগান শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার বাইশারি ইউনিয়নের ডলুঝিরি গ্রামে গতকাল রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।

ওই শ্রমিকের নাম আবদুস সোবহান (৪৮)। তাঁর বাড়ি উপজেলার ডলুঝিরি গ্রামে।

সোবহানের স্ত্রী পারভিন আক্তার বলেন, সোবহান সাহ্‌রি খেয়ে গতকাল ভোরে রাবারবাগানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তিনি ওই বাগানের তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) ছিলেন। রাবারবাগানে যাচ্ছিলেন শ্রমিকদের কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর তিনি বাচ্চাসহ একটি মা হাতির কবলে পড়েন। বাড়ি থেকে তিনি স্বামীর চিৎকার শুনতে পাচ্ছিলেন। হাতিও এ সময় বিকট আওয়াজ করছিল। পরে পাড়ার লোকজন মশাল জ্বালিয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। মানুষজন দেখে হাতি পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে আবদুস সোবহানের লাশ পড়ে থাকতে দেখা যায়।

বাইশারি পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু মুসা বলেন, হাতির আক্রমণেই আবদুস সোবহানের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে তাঁর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত করা হয়নি। দাফনের জন্য লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাইশারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, নাইক্ষ্যংছড়িতে বনদস্যুদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। ফলে বনজঙ্গল নিধন হচ্ছে। খাবারের সংকট দেখা দেওয়ায় বন্য হাতির দল লোকালয়ে চলে আসছে। তখন হাতির আক্রমণে জানমালের ক্ষতি হচ্ছে।