নাইক্ষ্যংছড়িতে ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। তামাকখেতের তামাকের পাওনা নিয়ে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেছেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে দোছড়ি ইউনিয়নের তুলাতলিপাড়ায় তামাকখেত থেকে তামাকপাতা বিক্রি ও পাওনা টাকা নিয়ে বড় ভাই মোহামঞ্চদ আয়াস উদ্দিনের (৩০) সঙ্গে শহীদ উল্লাহর (২৫) প্রথমে কথা-কাটাকাটি হয়। তাঁরা পৃথক পৃথক পরিবারে থাকলেও বাবা মোজাফ্ফর আহমদের জমিতে তামাক চাষ করতেন।
দোছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রশিদ আহমদসহ অনেকে বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি লেগে যায়। পরে বড় ভাই আয়াস উদ্দিন একটি ধারালো ছুরি দিয়ে ছোট ভাই শহীদ উল্লাহর গলায় আঘাত করেন। তিনি সঙ্গে সঙ্গে পড়ে যান। পরে পাড়ার লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অর্জন চৌধুরী বলেন, শহীদ উল্লাহর গলার বাঁ পাশে ধারালো অস্ত্রের গভীর ক্ষত দেখা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগে তাঁর মৃত্যু হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহে বড় ভাই ছোট ভাইকে খুন করেছেন। মৃত শহীদ উল্লাহ এমনিতে বেয়ারা প্রকৃতির এবং কয়েক মাস আগে তাঁর বাবা মোজাফ্ফর আহমদের ওপরও চড়াও হয়েছিলেন। এ নিয়ে পাড়ায় সালিসও হয়েছিল। বড় ভাই আয়াস এবং বাবা মোজাফ্ফর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে ওসি জানিয়েছেন।