নাইক্ষ্যংছড়িতে ভূমি দখল নিয়ে ফের ক্ষোভ-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঈদগড় মৌজায় ভূমি দখল নিয়ে আবারও ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। ভূমি দখলের বিরুদ্ধে উপজেলা সদরে প্রতিবাদ করতে গিয়ে গত বৃহস্পতিবার দখলদারদের করা মিথ্যা মামলায় দুজন গ্রেপ্তার হন।গত মাসের শেষ দিকেও এই মৌজায় একটি কোম্পানি রাঙ্গাঝিড়ি ত্রিপুরাপাড়ার জমি ও শ্মশান দখলের চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয়।ঈদগড় মৌজার ডলুঝিড়িপাড়ার বাসিন্দারা অভিযোগ করেছেন, মৌজার নুরুল আফছার ও ইসমাইল হোসেন নামের দুই ব্যক্তি কোনো দলিলপত্র না থাকা সত্ত্বেও পাড়ার জুমবামকে (আদিবাসীপাড়ার জুম এলাকা) তাঁদের জমি বলে দাবি করেন। এ নিয়ে পাড়ার বাসিন্দাদের তাঁরা দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছেন। ওই স্থানে কারো প্রবেশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে তাঁরা গত বছর আদালতে মামলাও করেন। কিন্তু আদালত তা খারিজ করে দিলেও ১৬ জন আদিবাসী-বাঙালির বিরুদ্ধে তাঁরা আরেকটি মামলা (চাঁদাবাজি) করেন। গত মঙ্গলবার ডলুঝিড়িপাড়ার আদিবাসীরা জুমের ফসল কাটতে গেলে ওই দুজন লাঠিসোঁটাসহ শতাধিক লোক নিয়ে এসে বাধা দেন। এতে আদিবাসীরা জুমের ফসল না কেটেই পালাতে বাধ্য হয়।ঈদগড়ের হেডম্যান (মৌজাপ্রধান) থোয়াইহ্লা অং মারমা বলেন, তিনি বিষয়টি প্রশাসনকে অবহিত করার পর পুলিশ এসে নুরুল আফছার ও তাঁর সহযোগীদের ওই জমিতে না যাওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশের পর বৃহস্পতিবার আদিবাসীরা জুমে ফসল কাটতে গেলে নুরুল আফছার আবারও দলবল নিয়ে এসে বাধা দেন। এ অবস্থায় পাড়ার আদিবাসী-বাঙালি সবাই উপজেলা সদরে প্রতিবাদ করতে যায়। এ সময় পুলিশ সৈয়দ হোসেন ও মোহাম্মদ হোসেন নামের দুই প্রতিবাদকারীকে গ্রেপ্তার করে। একটি ভুয়া সমবায় সমিতির নামে এই জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে বলেও হেডম্যান থোয়াইহ্লা অং অভিযোগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক পাড়ার কয়েকজন বলেন, দখলদারদের মামলা ও পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে তাঁদের জানা ছিল না। নুরুল আফছার তাঁর কোনো দলিলপত্র না থাকার কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, ডলুঝিড়ি পরিবেশ ও এগ্রো ফার্ম সমবায় সমিতি লিমিটেডের নামে তাঁদের প্রায় ৬০০ একর ভোগদখলীয় জমি রয়েছে। বহিরাগতরা এই জমি দখলের চেষ্টা এবং তাঁদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করছে। এতে তাঁরা বাধা দিয়েছেন। দাবিকৃত জমিতে বসবাস না করলে ‘ভোগদখলীয়’ জমি হয় কীভাবে, জানতে চাইলে তিনি বলেন, তাঁরা চার বছর ধরে এই জমি দেখাশোনা করছেন। এ নিয়ে ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাতে সফল হওয়া যায়নি।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, জমি দখলের প্রতিবাদ করার জন্য নয়, বরং গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সৈয়দ হোসেন ও মোহাম্মদ হোসেনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, নুরুল আফছার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ভূমি দখলের অনেক অভিযোগ থাকলেও এ নিয়ে কোনো মামলা নেই। এলাকাবাসীর মধ্যে কোনো ক্ষোভ-হতাশাও নেই। কাল রোববার সরেজমিনে গিয়ে বিরোধ মীমাংসা করে দেওয়া হবে বলে জানান ওসি।