নাইক্ষ্যংছড়িতে ভূমি দখলের জন্য রাতে আদিবাসী বসতিতে হামলা
বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ফাট্রাঝিরিতে গত শুক্রবার গভীর রাতে আদিবাসী বসতিতে বহিরাগতদের হামলায় নারী-শিশুসহ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনকে মারাত্মক অবস্থায় কক্সবাজার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমি দখলের জন্য উখিয়ার জামায়াতে ইসলামীর সমর্থক বহিরাগতরা হামলা করেছে বলে পুলিশ ও স্থানীয় লোকজন বলেছেন। ঘটনাস্থল থেকে বিজিবি হামলাকারীদের নেতা দিদারুল আলমসহ ১২ জনকে আটক করেছে। গতকাল শনিবার সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। স্থানীয় লোকজন বলেছেন, আটক জামায়াতে ইসলামীর সমর্থক দিদারুল আলম রামুর বৌদ্ধপল্লিতে হামলার পরের দিনও ঘুনধুমের বড়ুয়া ও আদিবাসীদের বসতি এবং বৌদ্ধবিহারে হামলার পরিকল্পনা করেছিলেন। তাঁর বাবা মোহামঞ্চদ আলীও একজন জামায়াতে ইসলামীর সমর্থক। কিন্তু বিজিবি শক্ত অবস্থানের কারণে হামলা করতে পারেনি।বিজিবি, পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, কক্সবাজারের রত্নাপালংয়ের ভালুকিয়া থেকে রাত ১০টার দিকে শতাধিক লোক এসে অতর্কিতে ঘুনধুম ইউনিয়নের ফাট্রাঝিরি গর্জনবনিয়ার বসতিতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে কমল কান্তি তঞ্চঙ্গ্যার বাড়িতে হামলা চালায়। পরিবারের নারী-পুরুষ-শিশুকে নির্বিচারে মারধর করে বের করে দিয়ে বাড়ি ভেঙে ফেলে। এ সময় পাড়াবাসী এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের ওপরও হামলা চালায়।পার্শ্ববর্তী বিজিবির বরইতলি ক্যাম্পের সদস্যরা গেলে হামলাকারীরা তাঁদের ওপরও হামলার চেষ্টা করে। বিজিবি ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করে। সেখান থেকে আহত অবস্থায় কমল কান্তি তঞ্চঙ্গ্যা (৫০), রাজা অং তঞ্চঙ্গ্যা (২৭), জাইম্যাপ্রু (৪০) ও অংমে তঞ্চঙ্গ্যাকে (৫০) কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে রাজা অং তঞ্চঙ্গ্যাকে আশঙ্কাজনক অবস্থায় মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে পাঠানো হয়েছে বলে তাঁর বড় ভাই উনুময় তঞ্চঙ্গ্যা বলেছেন।গর্জনবনিয়াপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) উপেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা বলেছেন, ভালুকিয়ার ভূমি দখলদার মোহামঞ্চদ আলী বেশ কয়েক বছর ধরে ফাট্রাঝিরি ও গর্জনবনিয়া এলাকায় আদিবাসীদের জমি দখল করে নিচ্ছেন।মোহামঞ্চদ আলী মুঠোফোন ব্যবহার না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর বড় ছেলে জাহেদুল ইসলাম বলেছেন, কমল তঞ্চঙ্গ্যা তাঁদের খামারবাড়ি দখল করেছেন। এ জন্য তাঁকে চলে যেতে বলায় উভয় পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে তাঁদের তিনজন হালকা আহত হয়েছেন। তাহলে নিজেদের খামারবাড়ি নিজেরা ভেঙেছে কেন, জানতে চাইলে জাহেদুল বলেন তাঁরা ভাঙেননি। সংঘর্ষের সময় ভেঙে গেছে।বরইতলি বিজিবি ক্যাম্পের অধিনায়ক গোলাম রাব্বানি ভূমি দখলের জন্য বসতিতে হামলার কথা স্বীকার করে বলেছেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ জামিল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেছেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিজিবি ক্যাম্পও রয়েছে।